মিক্সসড ডাবলসে তৃতীয় বারের মতো শিরোপা জিতলেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। শুক্রবার ইউএস ওপেন টুর্নামেন্টে হায়দরাবাদী এই তরূণী ব্রাজিলিয়ান র‌্যাকেটম্যান  ব্রুনো সোরসকে নিয়ে নিজের পালকে এই সম্মান যোগ করেন।

আমেরিকার অ্যাবিগালি স্পিয়ার্স ও মেক্সিকোর সান্তিয়াগো গঞ্জালেসকে ৬-১, ২-৬ ও ১১-৯ সেটে পরাস্ত করেন সানিয়া-সোরস জুটি। অবশ্য ফ্লাশিং মিডোসে প্রথম সেট জিতলেও দ্বিতীয় সেটে পিছিয়ে পড়েছিলেন ভারতীয় সেনসেশন। এরপর তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১১-৯ ব্যবধানে জয় পান তারা। ফলে আরেকবার গ্র্যান্ড স্লাম প্রতিযোগীতার বড় মঞ্চে শিরোপার নাগাল পেলেন সানিয়া।

সোরস এর আগে গেল ২০১২ সালে রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে নিয়ে ইউএস ওপেনের মিক্সসড ডাবলসের শিরোপা জিতেছিলেন।  আর সানিয়া মির্জা ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে আর ২০১২ সালে ফরাসি ওপেনে স্বদেশি মহেশ ভূপতিকে নিয়ে গ্র্যান্ড স্লামের স্বাদ পেয়েছিলেন।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ