ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দর্শন বিভাগ। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে ২২ রানে পরাজিত করে তারা।
প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দর্শন বিভাগের অধিনায়ক সিয়াম। দুই উদ্বোধনী ব্যাটসম্যান প্রান্ত ও সাইফুল্লাহ’র ৬৪ রানের এক চমৎকার জুটির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১ শ’ ৫৮ রানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর গড়ে দর্শন বিভাগ।
৫ চার ও ১ ছয়ের সাহায্যে সাইফুল্লাহ’র ৩৫ এবং ৪ চারের সাহায্যে দলের নির্ভরতার প্রতীক হিসেবে খ্যাত প্রান্ত’র ৩০ রান দর্শন বিভাগকে প্রথমেই মজবুত ভিতের ওপর দাঁড় করায়।
এর পরেই টপ অর্ডারের ব্যাটিংয়ে কিছুটা ছন্দ পতন হলেও ‘লোয়ার অর্ডারে’ কাজী সুমনের ৩ চারের সাহায্যে ৯ বলে ১৭ রানের ঝড়ো ব্যাটিং দলকে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর গড়তে সাহায্য করে।
এদিকে ১শ' ৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ দারুণভাবেই শুরু করেছিল নাইম ইসলামের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। পাওয়ার প্লের নির্ধারিত ৬ ওভারে ৭৩ রান তুলে তারা চিন্তায় ফেলে দেন দর্শন বিভাগকে। কিন্তু অধিনায়ক সিয়ামের দারুণ ক্যাপ্টেন্সিতে ধীরে ধীরে খেলায় নিয়ন্ত্রণ নিতে শুরু করে দর্শন বিভাগ।
১০.৫ ওভারে ৯৫ রানে ৩য় উইকেটের পতনের সাথে সাথে খেলা থেকে ছিটকে পড়তে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। এর পরে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মাঝে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। তাদের মেরুদণ্ড ভেঙ্গে দেন সুপ্ত প্রতিভাধর বোলার জিল্লুর।
দর্শন বিভাগের অধিনায়ক সিয়ামের চতুরতায় হঠাৎ করেই জাত স্পিনার হিসেবে আবির্ভাব ঘটে বোলার জিল্লুরের। বলা যায় দর্শন বিভাগের গুণী ক্রিকেটার জিল্লুর রহমানের রিশম্যাটিক স্পিনেই বধ হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। জিল্লুর মাত্র ১১ রানের খরচায় ৫ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
দর্শন বিভাগঃ ২০ ওভারে ১৫৮/৭ (সাইফুল্লাহ ৩২,প্রান্ত ৩০, সুমন ১৭; নাইম ৪/২৭, রাহুল ২/৩২) ।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগঃ ২০ ওভারে ১৩৬ ( নাইম ২৭, ফয়সাল ২৬, তৌফিক ২৫; জিল্লুর ৫/১১, প্রান্ত ২/১৭, রাজেশ ১/১৭)।
ফল: দর্শন বিভাগ ২২ রানে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ: জিল্লুর রহমান।
এমএনজে





