চেলসির হয়ে প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছিলেন মোহাম্মদ সালাহ। সেই অভিজ্ঞতাটা মোটেও সুখকর ছিল না। পরে গিয়েছিলেন ইতালিয়ান ক্লাব রোমায়। সেই রোমা থেকে জুনে আবার প্রিমিয়ার লিগে ফিরলেন লিভারপুলের হয়ে।
দ্বিতীয়বার ইংলিশ লিগে পা রেখেই গোলের উৎসবে মেতে উঠলেন। ৩৬ ম্যাচে করলেন ৩২ গোল। যা প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। মিসরীয় এই ফরোয়ার্ডের এই স্বর্ণাঢ্য সময়কে ধরে রাখতে তার এক জোড়া বুট প্রদর্শন করবে ব্রিটিশ জাদুঘর। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগেই ফারাও রাজাদের গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্বের সঙ্গে প্রদর্শিত হবে সালাহর বুট।
জাদুঘরের প্রাচীন মিশর ও সুদান বিভাগের কিপার নিয়েল স্পেন্সার বলেছেন, ‘বুট জোড়া একজন আধুনিক মিসরীয় আইকনের গল্প বলছে, যিনি যুক্তরাজ্যে পারফর্ম করছেন। প্রাচীন ফারাওদের পাশাপাশি এখন আমরা মোহাম্মদ সালাহর বুটও প্রদর্শন করবো যিনি লিভারপুলের হয়ে গোল্ডেন বুট জিতেছেন।’
তিনি আরো বলেছেন, ‘সালাহ কয়েকদিনের মধ্যে বিশ্বকাপে তার জাতীয় দলকে নেতৃত্ব দেবেন। ২০ থেকে ২১ শতকে মিসরীয়দের প্রতিদিনের জীবনযাত্রার গল্প বলার সাম্প্রতিক প্রকল্প সফল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
এদিকে সালাহ এরই মধ্যে নিজের ব্যবহৃত অ্যাডিডাস এক্স১৭ মডেলের এক জোড়া বুট জাদুঘর কর্তৃপক্ষকে দিয়েছেন। ২৭ মে ইউক্রেনের কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিভারপুলের হয়ে মাঠে নামবেন তিনি।
গেল বছর জুনে রোমা ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছেন ২৫ বছর বয়সী সালাহ। চলতি মৌসুমে অসাধারণ পারফর্ম করে জিতে নিয়েছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা পুরস্কার। লিভারপুলের সপ্তম ও প্রথম মিসরীয় খেলোয়াড় হিসেবে এ পুরস্কার অর্জন করেছেন সালাহ।
জেড





