ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৩ ওভারে ৩ উইকেটে ১৪১ রান।
বাংলাদেশ সময় আজ (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টায় ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু হয়। কারণ, বৃষ্টির কারণে ১৫ মিনিট পরে টস অনুষ্ঠিত হয়েছে।
আজকের ম্যাচে দুই দলের কেউই একাদশে কোনো পরিবর্তন আনেনি। এই দুই দলের মধ্যে যে দলই শিরোপা জিতুক না কেন, বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন।
কারণ, এবার ফাইনালে ওঠা দুই দলের কেউই আগে কখনো শিরোপা জিতেনি।
ইংল্যান্ড এবার চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২ আসরে ইংলিশরা ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি।
অন্যদিকে, নিউজিল্যান্ড এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে। গত আসরে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে তারা রানার্স আপ হয়েছিল।
এবার ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিল ভারত। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ চারে উঠেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এই দুই দলের কেউই ফাইনালে উঠতে পারেনি। ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে চতুর্থ অবস্থানে থাকা নিউজিল্যান্ড। আর অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে তৃতীয় অবস্থানে থাকা ইংল্যান্ড।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, জেমস নিশাম, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার।
ইংল্যান্ড একাদশ: জ্যাসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওয়েকস, লিয়াম প্লানকেট, আদিল রশীদ, জফরা আর্চার, মার্ক উড।
এমবি





