সাবধানী শুরুর পর ওপেনার তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। এরপর হারিয়েছে তিনে নামা নাজমুল হোসেন শান্তকেও। তবে লিটন দাসের ব্যাটে তামিম-শান্তকে হারানোর ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে নিয়ে ছুটছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরই মধ্যে ৪৫ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। তাঁকে সঙ্গ দিচ্ছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১৬৫ রান।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে বেশ সাবধানী শুরু করে বাংলাদেশ। ইনিংসের প্রথম বল থেকে দেখেশুনে খেলেন ওপেনার তামিম ইকবাল। কিন্তু থিতু হয়েও টিকতে পারেননি। ১৩তম ওভারে এলবির ফাঁদে পড়ে ফেরেন তিনি। ফেরার আগে ৪৩ বলে ২৪ রান করেন বাঁহাতি ওপেনার। এরপর ২৯ রানে সাজঘরে ফেরেন শান্ত।
তবে উইকেট হারালেও রানের গতি বাড়াচ্ছেন লিটন। তামিম-লিটনের ব্যাটে পাওয়ার প্লের ১০ ওভারে ৪৪ রান তোলে বাংলাদেশ। ৬৩ বলে উদ্বোধনী জুটি থেকে আসে ৫০ রান। এরপরই ফিরে যান তামিম।
ম্যাচটিতে চোট কাটিয়ে দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। গত বছর ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে দেশের হয়ে খেলেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফিরেছেন। সাইফউদ্দিন ছাড়াও একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ২০১৮ এশিয়া কাপের পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নেমেছেন তরুণ এই ব্যাটসম্যান।
এই সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন দুই তরুণ ক্রিকেটার মোহাম্মদ নাঈম ও আফিফ হোসেন। কিন্তু দুজনের একজনকেও প্রথম ম্যাচের একাদশে রাখা হয়নি। অভিষেকের জন্য আরো অপেক্ষায় থাকতে হচ্ছে তাঁদের।
এ ছাড়া এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরেছেন অধিনায়ক মাশরাফি। দেশের হয়ে সর্বশেষ বিশ্বকাপে খেলেছেন তিনি। গত বছরের ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর আর দেখা যায়নি তাঁকে। এ ছাড়া দেশের মাটিতে ১৫ মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন ওয়ানডে অধিনায়ক। সাত মাসের লম্বা বিরতি দিয়ে অধিনায়কের ফেরাটা স্বস্তির বটে। কিন্তু নানা বিতর্কে সেটা অনেকটা অস্বস্তির হয়েই দাঁড়িয়েছে। সব বিতর্ক পেছনে ফেলে ফের দেশকে নেতৃত্ব দিতে মাঠে নেমেছেন তিনি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ক্রিকেটের লড়াইয়ে জিম্বাবুয়ের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। গত সাত বছরে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩টি ওয়ানডে ম্যাচ খেলে কোনোটিতেই হারেনি লাল-সবুজের দল। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশে জিম্বাবুয়ের সবশেষ জয় সেই ২০১০ সালে। সব মিলিয়ে তাই লড়াই শুরুর আগে বাতাসে নেই লড়াইয়ের ঝাঁজ।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে দল : চামু চিবাবা (অধিনায়ক), টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মাটুমবডজি, ডনাল্ড টিরিপানো, ক্রিস এমপফু ও কার্ল মুম্বা।
এমআর





