২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে সব ধরনের সংশয় দূর করে ফিফা জেনারেল সেক্রেটারি জেরম ভালকে নিশ্চিত করেছেন যথাসময়েই পরবর্তী এই দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান স্ক্যান্ডালের জের ধরে অনেকেই এই দুই বিশ্বকাপ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল।
গত বুধবার হঠাৎ করেই সুইস পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জুরিখে অভিযান চালিয়ে দূর্নীতির অভিযোগে ফিফার শীর্ষ দুই কর্মকর্তাসহ সাতজনকে আটক করে। তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের সুনির্দিষ্ট তথ্য হাতে আছে বলে পুলিশ দাবি জানিয়েছে।
তাছাড়া ভিন্ন একটি তদন্ত কমিটি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক স্বত্ব লাভের পিছনে কারণ খতিয়ে দেখার জন্য কাজ শুরু করে। কিন্তু ভালকে শুক্রবার ফিফা সভাপতি পদে নির্বাচনের পরপরই জানিয়ে দিয়েছে ফিফার পক্ষ থেকে রাশিয়া ও কাতারে বিশ্বকাপে আয়োজনে কোন বাঁধা নেই।
সব ধরনের তথ্যের ভিত্তিতেই ভালকে গণমাধ্যমে এই নিশ্চয়তা দিয়েছেন। পুরো তদন্তে ফিফার পূর্ণ সহযোগিতা আছে এবং কোন কিছু ব্যতিক্রমী পাওয়া গেলে তা অবশ্যই খতিয়ে দেখা হবে বলে এই ফ্রেঞ্চম্যান নিশ্চিত করেছেন।
জেডআই





