টাইগারদের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচে দুর্দান্ত খেলেছেন ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। লিটন দাসের ১৭৬ ও তামিম ইকবালের ১২৮ রানের ইনিংসের উপর ভর করে জিম্বাবুয়েকে পাহাড় সমান লক্ষ্য দিলো বাংলাদেশ।

শুক্রবার (০৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে।

টস হেরে ব্যাট করতে ৪৩ ওভারে ৩ উইকেটে ৩২২ রান করেছে টাইগাররা। কিন্তু ডি/এল পদ্ধতিতে জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছেন ৩৪২ রান।

সিলেটে এদিন অসংখ্য রেকর্ড গড়েছেন তামিম ও লিটন। প্রথমত, ১৭৬ রানের ইনিংস খেলে লিটন হয়ে গেছেন ওয়ানডেতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক।

১৪৩ বলে ১৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১৭৬ রান করে আউট হন লিটন। এই সিরিজের প্রথম ম্যাচে লিটন করেছিলেন ১২৬ রান। ওয়ানডেতে লিটনের এখন সেঞ্চুরির সংখ্যা তিনটি।

গত মঙ্গলবার (০৩ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচে তামিম ১৫৮ রান করে নতুন রেকর্ড গড়েছিলেন। ওই ইনিংস খেলার পর তিনি হয়ে গিয়েছিলেন ওয়ানডেতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক। কিন্তু তার এই রেকর্ড তিন দিনও টিকল না।

এদিন তামিম ও লিটনের ২৯২ রানের জুটিতে হয়েছে আরেকটি বড় রেকর্ড। ওয়ানতে বাংলাদেশের ইতিহাসে এর আগে এর রানের জুটি গড়তে পারেনি কেউ।

এর আগে ২২৪ রান করে এই রেকর্ডের মালিক ছিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-রিয়াদ নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে জিতিয়েছিলেন।

বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস

১. লিটন দাস - ১৭৬ বনাম জিম্বাবুয়ে (২০২০); তামিম ইকবাল - ১৫৮ বনাম জিম্বাবুয়ে (২০২০); তামিম ইকবাল - ১৫৪ বনাম জিম্বাবুয়ে (২০০৯); ৪. মুশফিকুর রহীম - ১৪৪ বনাম শ্রীলঙ্কা (২০১৮); ইমরুল কায়েস - ১৪৪ বনাম জিম্বাবুয়ে (২০১৮)

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: শন উইলিয়ামস (অধিনায়ক), তিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, তিনোতেন্দা মাতুমবোদজি, ডোনাল্ড তিরিপানো, কার্ল মুম্বা ও চার্লটন টিসুমা।

এমবি