বোলিংয়ের পর ব্যাট হাতেও দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। উদ্বোধনী জুটির সৌম্য সরকারের টানা দ্বিতীয় অর্ধশতকে জয়ের পথে এগিয়ে যাচ্ছে টাইগাররা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তামিম ইকবাল (৪০) ও সৌম্য সরকার (৫৩)।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি বাধায় ম্যাচটি ৪০ ওভারে নির্ধারিত করা হয়। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়া ব্যাটসম্যানরা। দলীয় ৫০ রানের মধ্যে একে একে মাঠ থেকে বিদায় নেন ডি কক (৭), ডু প্লেসিস (৬), আমলা (১৫) ও রুশো (১৭)।

মিলার ও ডুমিনি জুটি দলকে কিছুটা স্বস্তি এনে দেন। বৃষ্টির পর মিলারের আউট হওয়ার আগে তাদের জুটি থেকে আসে ৫৩ রান। ৫১ বলে পাঁচটি চারে ৪৪ রান করেন মিলার। শেষ বলে মাঠ থেকে বিদায় নেয়ার আগে ৭০ বলে ৫১ রান করেন ডুমিনি।

বাংলাদেশের বোলার সাকিব তিনটি উইকেট পান। দুটি করে উইকেট নেন মুস্তাফিজ ও রুবেল। অধিনায়ক মাশরাফি ও মাহমুদল্লাহ নেন বাকি দুটি উইকেট।

জেডআই