রংপুর রাইডার্সের স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ৫৯ রানেই অলআউট হয়ে গেছে সিলেট সুপার স্টার্স। যা বিপিএলে দ্বিতীয় সর্বনিম্ন রানের ‘বিব্রতকর’ রেকর্ডও।
নিজের টানা চার ওভারে চার উইকেট তুলে নিয়েছেন রংপুরের স্পিনার আরাফাত সানী, খরচ করেছেন মাত্র ১৪ রান।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুর অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের সিদ্ধান্তের সঠিক জবাবও দেন আরাফাত সানী। নিজের টানা চার ওভারে চার উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার। মাঝে অধিনায়ক সাকিবও একই ওভারে নেন দুই উইকেট। আর সিলেট পড়ে যায় চরম ব্যাটিং বিপর্যয়ে।
আরাফাত সানী শুরুটা করেছিলেন দিলশান মুনাবীরাকে দিয়ে। প্রথম ওভারের পঞ্চম বলেই এই লঙ্কান ব্যাটসম্যানকে বোল্ড করেন সানী। এই স্পিনার নিজের দ্বিতীয় ওভারে এসে আরেক ওপেনার জুনায়েদ সিদ্দিকীকেও সাজঘরের পথ দেখান। জুনায়েদকে (৫) নিজের ফিরতি ক্যাচে পরিণত করেন।
এরপর তৃতীয় ওভারে ফিরিয়ে দেন মুশফিকুর রহিমকে। সানীর মিডল স্টাম্পের বল রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে মুক্তার আলীর হাতে ধরা পড়েন মুশফিক (৮)।
সানীর পর শুরু সাকিব-ঘূর্ণি। নিজের দ্বিতীয় ওভারে চার বলের ব্যবধানে নুরুল হাসান ও শহীদ আফ্রিদির উইকেট তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অফ স্টাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন নুরুল (৮)। সিলেট অধিনায়ক আফ্রিদিকে (৪) স্টাম্পিং করেন উইকেটরক্ষক মোহাম্মদ মিথুন।
সানী নিজের চতুর্থ ওভারে এসে নাজমুল হাসান মিলনকে বিদায় করলে ৩০ রানেই ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট।
এবারের আসরে আট ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে রংপুর। আর সিলেট সাত ম্যাচে মাত্র দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।
এমএইচ





