বাংলাদেশ প্রিমিয়িার লিগ-বিপিএলের পঞ্চম আসরের শিরোপা উঠলো আবারও মাশরাফি বিন মোর্তজার হাতেই।
আজ (মঙ্গলবার) ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে বিধ্বস্ত করে শিরোপা জিতলো রংপুর রাইডার্স। মাশরাফির চতুর্থ শিরোপা হলেও টুর্নামেন্টে রংপুরের এটিই প্রথম শিরোপা। ৫৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে তারা। কেবল গত আসরে শিরোপা জেতেন সাকিব আল হাসান।
মাশরাফির রংপুরের দেয়া ২০৬ রানের জবাবে সাকিবের ঢাকা ডায়নামাইটস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলতে সক্ষম হয়। ঢাকার পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন জহুরুল ইসলাম। রংপুরের সোহাগ গাজী, উদানা ও নাজমুল ইসলাম ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা ও আসর সেরা হন সবচেয়ে বেশি রান করা ক্রিস গেইল।
২০৭ রান তাড়া করে জেতাটা ঢাকার উইকেটে এভারেস্ট জয়ের চেয়ে কম কিছু নয়। সেটা করতে গিয়ে ম্যাচের শুরুতেই লড়াই থেকে ছিটকে যায় ঢাকা। প্রথম দুই ওভারে মেহেদী মারুফ ও জো ডেনলিকে হারায় দলটি। চতুর্থ ওভারে এভিন লুইস ও পঞ্চম ওভারে কাইরন পোলার্ডকে হারিয়ে পরাজয়টা নিশ্চিত হয়ে যায় ঢাকার।
সাকিব আল হাসান ও জহুরুল ইসলাম ঢাকার হয়ে প্রাণান্ত লড়েন। তবে ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেননি তাঁরা। জহুরুল ইসলাম ৫০, সাকিব ২৬, লুইস ১৪ ও নারাইন করেন ১৪ রান। রংপুরের হয়ে সোহাগ গাজী, উদানা ও অপু নেন দুটি করে উইকেট। এ ছাড়া মাশরাফি ও রুবেল নেন একটি করে উইকেট।
এর আগে গেইলের ১৪৬ ও ম্যাককালামের ৫১ রানে ভর করে ২০৬ রান তোলে রংপুর রাইডার্স। ব্যাটিং শুরু করে রংপুরের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে জনসন চার্লসকে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। প্রথম কয়েকটা ওভার দেখে শুনে খেলেন গেইল ও ম্যাককালাম। প্রথম ৫ ওভারে রংপুর তোলে ২২ রান।
ষষ্ঠ ওভারে হাত খোলেন গেইল। মোসাদ্দেক হোসেন সৈকতের ওভারে তিনটি ছয় মারেন গেইল ও ম্যাককালাম। এরপর আর থামেননি এই দুজন। একাদশতম ওভারে অর্ধশতক পূর্ণ করেন গেইল। ৩৩ বল লাগে গেইলের হাফ সেঞ্চুরি করতে। এরপর চার-ছয়ের ঝড় তুলে ১৭তম ওভারে বিপিএলের পঞ্চম শতকটি তুলে নেন তিনি।
অন্যপ্রান্ত হাফ সেঞ্চুরি করেন ম্যাককালাম। ৪৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন এই কিউই ব্যাটসম্যান। ম্যাককালাম রয়েসয়ে খেললেও গেইল ছিলেন অতিপ্রাকৃত। এই ইনিংসে ১৮টি ছয় মারেন তিনি। ৬৯ বলে ১৪৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এই ক্যারিবীয় জায়ান্ট।
রংপুর রাইডার্স একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ক্রিস গেইল, জনসন চালর্স, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, মোহাম্মদ মিথুন, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, নাজমুল ইসলাম ও ইসুরা উদানা।
ঢাকা ডায়নামাইটস একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি মারুফ, এভিন লুইস, জো ডেনলি, কাইরন পোলার্ড, শহিদ আফ্রিদি, মোসাদ্দেক হোসেন, সুনীল নারাইন, জহিরুল ইসলাম, আবু হায়দার রনি ও খালেদ আহমেদ।
মুস্তাঈন





