ত্রিদেশীয় সিরিজের স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ‘অঘোষিত সেমিফাইনালে’ সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান আঘাতে আঘাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা।

চোট সারিয়ে দলে ফেরা সাকিব আল হাসান এনে দেন প্রথম সাফল্য। আগে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ওপেনার গুনাতিলকাকে সাকিব ফিরিয়েছেন ইনিংসের তৃতীয় ওভারেই। তাঁকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে সাব্বির রহমানকে ক্যাচ দেন এ লঙ্কান ওপেনার।

পরের ওভারেই কুশল মেন্ডিসকে ফেরান মোস্তাফিজুর রহমান। পুল করতে গিয়ে মিড উইকেটে সৌম্য সরকারকে ক্যাচ দেন মেন্ডিস (১১)। ৪ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়া লঙ্কানদের আরও চেপে ধরেন বাংলাদেশের ফিল্ডারেরা। সেই সুবাদে মোস্তাফিজের করা ষষ্ঠ ওভারে লঙ্কানরা হারিয়েছে আরও ২ উইকেট! দ্বিতীয় বলে এক রান করতে গিয়ে রান আউটের শিকার হন উপুল থারাঙ্গা। এক বল পরই মোস্তাফিজের দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছেন মুশফিকুর রহিমকে ক্যাচ দেন শানাকা।

এরপর নবম ওভারে জীবন মেন্ডিসকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। শর্ট ফাইন লেগে মোস্তাফিজকে ক্যাচ দেন মেন্ডিস (৩)।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.১ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ৪১। ব্যাট করছেন কুশল পেরেরা (১১*) ও থিসারা পেরেরা (১*)।

ফাইনালে উঠতে হলে এ ম্যাচটা জিততেই হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কার সামনেও একই সমীকরণ। নিদাহাস ট্রফির লড়াইয়ে আজকের ম্যাচে যারাই জিতবে ১৮ মার্চের ফাইনালে তারাই ভারতের বিপক্ষে লড়াই করবে।  

আজ (শুক্রবার) সন্ধ্যায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের খেলাটি শুরু হয়। শ্রীলংকার বিপক্ষে দলে ফিরেছেন সাকিব আল হাসান। বাদ পড়েছেন পেস বোলার আবু হায়দার রনি।

বাংলাদেশ একাদশ:  সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ওনাজমুল ইসলাম অপু। 

এমবি