লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকানোর একটি দারুণ সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু দলের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো লাল কার্ড দেখায় জয় বঞ্চিত হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে। রোববার প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলাবাওর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মাদ্রিদের দলটি।
স্যান ম্যামেজ বারিয়া স্টেডিয়ামে সফরকারী দল হিসেবে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে দলে ছিলেন না টটেনহ্যাম থেকে রেকর্ড অর্থে রিয়ালে যোগ দেয়া গ্যারেথ বেল। কিন্তু খেলার শুরু থেকেই তার অনুপস্থিতি আঁচ করতে দেননি রোনালদোরা। খেলা শুরুর দুই মিনিটেই দারুণ সুযোগ তৈরি করেন পর্তুগীজ উইঙ্গার। কিন্তু সেটি গোলের মুখ দেখেনি।
প্রথমার্ধ শেষ হয় গোল প্রচেষ্টায়ই। তবে বিরতির চার মিনিটের মধ্যেই বিলাবাওর জালে বল জড়িয়ে দেন রোনালদো। কিন্তু তার আগেই লাইন্সম্যান পতাকা তুললে অফসাইডের দায়ে তার গোলটি বাতিল হয়ে যায়।
৬৫ মিনিটে করিম বেনজেমা বল পাস দেন রোনালদোকে। তার ক্রস করা বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন জেসি রদ্রিগেজ। কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে একই মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে বিলাবাওকে সমতায় ফেরান ইবাই গোমেজ।
এর দুই মিনিটের মাথায় প্রতিপক্ষের ইতারাস্পির সঙ্গে হাতাহাতিতে জড়ান রোনালদো। ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। আর হলুদ কার্ড দেখেন ইতারাস্পি। ১০ জনের দল নিয়ে আর কোনো গোল করতে না পারায় ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যদের।