মাঠেই থাকার কথা ছিল। ম্যাচ শেষে কথা বলার রুটিন থাকত বিজয়ী অধিনায়ক হিসেবে। নিষেধাজ্ঞার ঝড়ে পড়ে সেটি পারলেন না সাকিব আল হাসান।
দূর থেকে দেখেছেন টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রথম ভারত-জয়। সতীর্থদের দিল্লি জয়ের পর ফেসবুকে জানিয়েছেন অভিনন্দন।
রোববার রাত ১১টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সতীর্থদের এ অভিনন্দন জানান তিনি।
ফেসবুক স্ট্যাটাসে সাকিব লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত।’
উল্লেখ্য, জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেটে দুই বছর নিষিদ্ধ করেছে আইসিসি।
অবশ্য তিনি দায় স্বীকার করে নেয়ায় এক বছর নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। এক বছর ধরে মাঠের বাইরে থাকবেন বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান।
ফলে ভারতের বিপক্ষে খেলতে পারছেন না এ অলরাউন্ডার। তাই অভিনন্দন জানিয়ে সতীর্থসহ বাংলাদেশের আনন্দে অংশগ্রহণ করতে হয়েছে তাকে।
রোববার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রথমে ব্যাট করতে নেমে শফিউল ইসলামের গতি আর তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বলে বিভ্রান্ত হয়ে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে ভারত। টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের তিন বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।
এএস





