বিয়ের পিঁড়িতে বসছেন পাকিস্তানের ২৫ বছর বয়সী ডানহাতি পেসার হাসান আলী। কনের নাম শামিয়া আরজু। শামিয়ার বাড়ি ভারতের হরিয়ানা প্রদেশে।

আগামী ২০ জুলাই দুবাইয়ের আটলান্টিস পাম হোটেলে গাঁটছাট বাঁধবেন হাসান-শামিয়া। ১৭ আগস্ট হাসানের পরিবার দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে। হাসানের শ্বশুর লিয়াকত আলীও নিশ্চিত করেছেন বিষয়টি। লিয়াকত আলী সাবেক পঞ্চায়েত অফিসার। কনে শামিয়া উচ্চ শিক্ষতি।

মানব রচনা বিশ্ববিদ্যালয় হতে অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিগ্রী নিয়ে বর্তমানে এমিরেটস এয়ারলাইনসে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত তিনি।

হাসান আলীই পাকিস্তানের প্রথম ক্রিকেটার নন যিনি ভারতীয় মেয়েকে বিয়ে করছেন। এর আগে জহির আব্বাস, মহসিন খান ভারতে বিয়ে করেন। সর্বশেষ ২০১০ সালে অলরাউন্ডার শোয়েব মালিক গাঁটছাট বাঁধেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জার সঙ্গে।

সুখের সংসার করছেন তারা। গত বছর শোয়েব-সানিয়ার কোলজুড়ে আসে ফুটফুটে এক ছেলে সন্তান।

২০১৯ বিশ্বকাপ ভালো কাটেনি হাসান আলীর। ৪ ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তার। বাজে বোলিংয়ের কারণে পরে বাদ দেয়া হয় তাকে। অথচ ২০১৬ সালে অভিষেকের পর ওয়ানডেতে পাকিস্তানের সবচেয়ে সফল বোলার ছিলেন হাসান আলী।

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন তিনি। এরপর হাসান আলী বোলার র‌্যাঙ্কিংয়ে শীর্ষেও উঠেছিলেন। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। দেখা যাক, বিয়ের পর তার কপাল ফেরে  কিনা!

এমআর