সময় যত গড়ায়, আগ্রহ তত বেড়ে যায়। বিশ্বকাপের দিনক্ষণ গণনা শুরু হওয়ার পর থেকে সেই আগ্রহটার পালাটা আরো বেড়ে যায়। একটি দিন পার হলেই আরেকটি দিন পার করার অপেক্ষা। এবার সেই অপেক্ষার পালাটি আর দিনে রইল না। নেমে গেল ঘণ্টায়। আর মাত্র কয়েকটি ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্বকাপের লড়াই।
নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চ হ্যাগলে ওভালে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ৪টায় শুরু হচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এতে মুখোমুখি হচ্ছে গত আসরের রানার্স-আপ শ্রীলঙ্কা ও স্বাগতিক নিউজিল্যান্ড।
বিশ্বকাপ মঞ্চে অভিজ্ঞতার দিক থেকে কিউদের চেয়ে অনেক এগিয়ে আছে লঙ্কানরা। এ পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে তারা। এর মধ্যে ১৯৯৬ সালে প্রথমবার ফাইনালে খেলে শিরোপা জিতে নিয়েছে। এরপর ২০০৭ ও ২০১১ সালে টানা দুই বার ফাইনাল নিশ্চিত করে। যদিও রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সিংহবাহিনীকে। এছাড়া ২০০৩ সালে সেমিফাইনালে খেলেছিল এশিয়ার দলটি।
গত টানা চারটি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করা শ্রীলঙ্কা এবারও যে ভাল কিছু করতে পারে, তা অনুমান করতে ক্রিকেটবোদ্ধা হওয়ার দরকার নাই। কারণ দলে রয়েছেন সাবেক দুই অভিজ্ঞ অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও কমার সাঙ্গাকারা।
বর্তমান অধিনায় অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে রয়েছেন আরেক অভিজ্ঞ তারকা তিলকারত্নে দিলশান। আর বোলিং বোমা নিয়ে প্রস্তুত আছেন লাসিথ মালিঙ্গা। অন্যরাও নিজেদেরকে মেলে ধরতে কম চেষ্টা করবেন না।
তবে তাদের জন্য হতাশার দিকও রয়েছে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। একটি দক্ষিণ আফ্রিকা আরেকটি জিম্বাবুয়ের বিপক্ষে। দুটিই ম্যাচেই হেরেছে ম্যাথুসরা।
এদিকে বাড়তি সাহস পাচ্ছে নিউজিল্যান্ড। একদিকে নিজেদের মাঠ। আছে দর্শকদের সমর্থন। সেই সঙ্গে লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৪-২ ব্যবধানে জয়। এর মধ্যে ২০১৫ সালে ৫ বারের সাক্ষাতে ৩ বার জয় পেয়েছে নিউজিল্যান্ড আর একবার জিতেছে শ্রীলঙ্কা। একটি ম্যাচের কোনো ফলাফল হয়নি।
সবমিলে ৯৭টি ওয়ানডে খেলেছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এর মধ্যে ৪১টিতে নিউজিল্যান্ড ও ৪০টিতে জয়ের মুখ দেখেছে শ্রীলঙ্কা। আর ১৬টি ম্যাচ টাই/পরিত্যক্ত হয়েছে।
তাছাড়া দলে রয়েছে যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারা তারকা ব্রেন্ডন ম্যাককালাম, কোরি অ্যান্ডারসন, কেন উইলিয়ামসন ও রস টেলর।
পুল ‘এ’ তে থাকা শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড বাদে বাকি দলগুলো হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড।
নিউজিল্যান্ড দল : ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, টম লাথাম, মিচেল ম্যাকক্লেনাগান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, অ্যাডাম মিলন, লুক রঞ্চি, টিম সাউদি, রস টেলর, ড্যানিয়েল ভেট্টরি ও কেন উইলিয়ামসন।
শ্রীলঙ্কা দল : অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, জীবন মেন্ডিস, সুরঙ্গা লাকমাল, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরা, লাহিরু থিরিমান্নে, মাহেলা জয়াবর্ধনে, দিমুথ করুনারত্বে, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্দিমাল, রঙ্গনা হেরাথ, সচিত্র সেনানায়েকে ও দুশমান্থা চামিরা।
জেডআই





