বুধবার (১২ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুতেই বাকি দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাইজুল ইসলাম ও হাসান মাহমুদের নৈপুণ্যে আইরিশদের ইনিংসের ইতি ঘটে দ্রুতই।
৬০ বলে ৩০ রান করে লেগ বিফোর হন জর্ডান নেইল, তাইজুলের শিকারে পরিণত হয়ে। আর ব্যারি ম্যাকার্থি (৩১) হাসান মাহমুদের নিখুঁত বলের শিকার হলে শেষ হয় আইরিশদের প্রথম ইনিংস— ৯২.২ ওভারে ২৮৬ রানে অলআউট।
এর আগে প্রথম দিনে ছোট ছোট জুটি গড়ে ইনিংস টানতে চেষ্টা করে সফরকারীরা। শুরুর দিকেই বিপদে পড়ে দলটি— কোনো রান যোগ করার আগেই অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে ফেরান হাসান মাহমুদ। এরপর ৯৬ রানের জুটিতে দলকে সামলানোর চেষ্টা করেন পল স্টার্লিং ও চাদ কারমাইকেল। কিন্তু ৬০ রানে স্টার্লিংকে ফেরান নাহিদ রানা, সাদমান ইসলামের হাতে ক্যাচ করিয়ে। পরের বলেই হ্যারি টেক্টর (১) এলবিডব্লিউ হন মেহেদী হাসান মিরাজের বলে।
স্টার্লিং আউট হলেও চাদ কারমাইকেল কিছুটা প্রতিরোধ গড়েন। তবে ৫৯ রানে তাকেও ফেরান মিরাজ। ফলে ১৫০ রানে চতুর্থ উইকেট হারায় আয়ারল্যান্ড।
চা-বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ালেও ২২ রানের ব্যবধানে তিন উইকেট হারায় তারা। অভিষিক্ত হাসান মুরাদ তার প্রথম আন্তর্জাতিক উইকেট হিসেবে ফেরান কার্টিস ক্যাম্ফারকে (৪৪)। এরপর ৪১ রানে লোরকান টাকার স্টাম্পিং হন মুরাদের বলে, আর ২২২ রানে ম্যাকব্রাইনকেও ফেরান মিরাজ।
প্রথম দিন ২৭০ রানে খেলা শেষ করেছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় দিন সকালে মাত্র ১৪ বলের মধ্যেই শেষ হয় তাদের ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ নেন সর্বোচ্চ ৩ উইকেট। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও হাসান মুরাদ প্রত্যেকে পান ২টি করে উইকেট, আর নাহিদ রানা শিকার করেন ১ উইকেট।
এনএইচ