বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের আগামী দুই বছর প্রত্যেকে মাসে ১ লাখ টাকা করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমরা ঠিক করেছি অনূর্ধ্ব-২১ দল গঠন করব। আর এই দলে সুযোগ পাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটাররা। ওদের আমরা দুই বছরের ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এই দুই বছর এই দলের ক্রিকেটাররা প্রত্যকে মাসে ১ লাখ টাকা করে পাবে।
বিসিবি সভাপতি আরও বলেন, আমরা দেখব তারা যদি উন্নতি করতে পারে তাহলে চুক্তিতে থাকতে পারবে না হয় বাদ পড়ে যাবে। এদের উন্নয়নে যতো প্রকার সুযোগ সুবিধা দেয়া যায় আমরা তাই কবর।
দক্ষিণ আফ্রিকার বৈরি কন্ডিশনে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম শিরোপা জয় করা যুবাদের নিয়ে পাপন বলেন, ওরা আমাদের গৌরব, তারা বিশ্বকাপ জয় করে এসেছে। বিশ্বকাপ জেতা অনেক কঠিন কাজ। তবে এখান থেকে সামনে চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক অনেক কঠিন। আমি ওদের বলেছি আর্থিক বিষয়গুলো নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কিছু নেই।
বিসিবি সভাপতি আরও বলেন, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সোহরাওয়ার্দী উদ্যানে সংবধর্না দেবেন। ক্রিকেটাররা আগামীকাল বাড়িতে যাবে। ওরা যাতে সুন্দর ভাবে বাড়িতে পৌঁছাতে পারে সেজন্য আমরা সব ব্যবস্থা করে দিয়েছি।
যুবাদের হাত ধরে প্রথম কোনো বৈশ্বিক আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। যুবাদের এই সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছেন ক্রিকেট ভক্তরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগার যুবাদের বহনকারী বিমানটি।
বিমানবন্দরে বিশ্বকাপজয়ী দলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেনে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় বিসিবির অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কিন্তু যুবারা আসার ঘণ্টা খানেক আগেই বিমানবন্দরে হাজির টাইগার ভক্তরা।
গত ০৯ ফেব্রুয়ারি (রোববার) দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রুমে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চারবারের বিশ্বকাপজয়ী ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ।
এমবি





