আগামী অক্টোবরে আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাঁচ বছর পর পাকিস্তানের টেস্ট দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ফাওয়াদ আলম।

ফাওয়াদের টেস্ট অভিষেকটা বেশ ঝলমলেই হয়েছিল। ২০০৯ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসেই ১৬৮ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি। কিন্তু অভিষেকের পর আর দুই টেস্টের বেশি খেলা হয়নি তার। সবশেষ অর্থাৎ ক্যারিয়ারের তৃতীয় ম্যাচটি খেলেছিলেন ২০০৯ সালেই, নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে।

গত এক বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ফাওয়াদ। ১৪ ইনিংসে পাঁচটি ফিফটি, একটি ডাবল সেঞ্চুরি (২০৪) ও একটি সেঞ্চুরি (১৬৪) করেন তিনি। নিজের পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই পাঁচ বছর পর আবারও টেস্ট দলে ফিরলেন ২৯ বছর বয়সি ব্যাটসম্যান। এ ছাড়া ইনজুরি কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ফিরেছেন পেসার ওয়াহাব রিয়াজ ও জুনাইদ খান।

চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে পিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান। আগামী ২৭ সেপ্টেম্বর টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে। জিম্বাবুয়ে সফর শেষ করেই আরব আমিরাতে যাবে পাকিস্তান। সেখানে ইংল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম টেস্ট শুরু হবে ১৩ অক্টোবর।

পাকিস্তান দল :
টেস্ট : মিসবাহ-উল-হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, শান মাসুদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, ফাওয়াদ আলম, আসাদ শফিক, ইউনিস খান, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, ওয়াহাব রিয়াজ, ইমরান খান, রাহাত আলী ও জুনাইদ খান।

ওয়ানডে : আজহার আলী (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, শোয়েব মালিক, বাবর আজম, আসাদ শফিক সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, রাহাত আলী ও মোহাম্মদ ইরফান।

টি-টোয়েন্টি : শহীদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মুখতার আহমেদ, উমর আকমল, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, শোয়েব মালিক, আমির ইয়ামিন, মোহাম্মদ ইরফান, বেলাল আসিফ, ওয়াহাব রিয়াজ, ইমাদ ওয়াসিম, সোহেল তানভির, মোহাম্মদ রিজওয়ান ও ইমরান খান জুনিয়র।

জেআই