দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস দীর্ঘ, আর সেই ইতিহাসে আছে আনন্দ–বেদনা আর বহু স্মৃতি। আজকের ম্যাচের আগে সেসব মুহূর্ত আবারও ফিরে দেখা যাক।
শুরুতে ভারতের রাজত্ব
বাংলাদেশ–ভারত ফুটবল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় ১৯৭৮ সালে ব্যাংককের এশিয়ান গেমসে। প্রথম মুখোমুখি ম্যাচে বাংলাদেশ হারে ৩–০ গোলে। পরে নয়াদিল্লির আসরেও জয়ের দেখা মেলেনি। ৯০ দশক পর্যন্ত ধারাবাহিকভাবে আরও কয়েকটি পরাজয় যোগ হয় লাল–সবুজদের নামে। বিশেষ করে ১৯৯৭ সালের কাঠমান্ডু সাফের বড় হারটি যেন ভুলে যেতে চায় বাংলাদেশ। ওই ম্যাচে শেষ ১৫ মিনিটে টানা তিন গোল হজম করেছিল তারা।
অবশেষে জয়ের দেখা
১৯৯১ সালের ২৬ ডিসেম্বর কলম্বো সাফ গেমস ছিল বাংলাদেশের জন্য বিশেষ দিন। সুগাথাদাসা স্টেডিয়ামে রুমি রিজভী কলিমের জোড়া গোলে ২–১ ব্যবধানে ভারতকে হারায় বাংলাদেশ। শেষ দিকে ভারত একটি গোল পরিশোধ করলেও বাংলাদেশের প্রথম জয় থামানো যায়নি।
এগিয়ে থেকেও হতাশার গল্প
ভারতের বিপক্ষে বাংলাদেশ বহুবার এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি—এমন উদাহরণও কম নয়। ১৯৮৫ বিশ্বকাপ বাছাইয়ে আশীষ ভদ্রের গোলে এগিয়েছিল বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত হেরে যায় ২–১ ব্যবধানে।
২০১৩ সাফ, ২০১৪ গোয়ার প্রীতি ম্যাচ এবং ২০১৯ কলকাতার বাছাই—সব জায়গায় একই দৃশ্য। এমনকি ছয় বছর আগে সল্ট লেকে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করতে হয়েছিল লাল–সবুজদের।
মাঠ থেকে গ্যালারি—উত্তাপ ছড়ানো লড়াই
বাংলাদেশ–ভারত ম্যাচে উত্তেজনা নতুন কিছু নয়। ১৯৮৫ সালের ঢাকার সাফ ফাইনালে দর্শকদের উত্তেজনা সামলাতে ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধও রাখতে হয়েছিল। পরে টাইব্রেকারে জেতে ভারত।
২০০৫ করাচি সাফেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। গ্যালারি শান্ত করতে ভারতীয় কোচ পিকে ব্যানার্জি ও বাংলাদেশের আন্দ্রেস ক্রুসিয়ানি স্বয়ং এগিয়ে এসে দর্শকদের শান্ত থাকতে অনুরোধ জানান।
টাইব্রেকার মানেই দুর্ভাগ্য বাংলাদেশ
শুটআউটে ভারতকে হারানোর অভিজ্ঞতা নেই বাংলাদেশের। দুইবার টাইব্রেকারে ফল নির্ধারিত হয়েছিল—১৯৮৫ সাফ ফাইনাল এবং ১৯৯৫ সার্ক গোল্ডকাপ সেমিফাইনাল। দুবারই জয় পায় ভারত।
শেষ জয় কার কবে?
বাংলাদেশ শেষ ভারত জয় দেখেছিল ২০০৩ সালের ঢাকার সাফ সেমিফাইনালে। নির্ধারিত সময়ে ১–১ ড্র থাকলেও অতিরিক্ত সময়ে মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে জয় পায় বাংলাদেশ।
ভারত সর্বশেষ বাংলাদেশকে হারিয়েছিল ২০২১ সালে দোহার বিশ্বকাপ বাছাইপর্বে—স্কোরলাইন ছিল ২–০। এরপর দুই দল আরও দুইবার মুখোমুখি হয়েছে; দুটিই ড্র।
এনএইচ