বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি আর্জেন্টিনা। বলতে গেলে হামাগুড়ি দিয়েই রাশিয়ার টিকেট অর্জন করেছে দলটি।

কঠিন সময়ে দলের দায়িত্ব নেয়ার পর আরও জটিল পরিস্থিতি মোকাবালে করতে হয়েছে কোচ জর্জ সাম্পাওলিকে।

আকাশী-সাদা জার্সি দেখা যাবে না বিশ্বকাপের মঞ্চে-এমন সম্ভাবনাও তৈরি হয়েছিলো। তবে সব শঙ্কা কাটিয়ে বিশ্বব্যাপী সমর্থকদের দুরুদুরু বুকে শান্তি এনে দিয়েছেন লিওনেল মেসি। 'জিততেই হবে' সমীকরণ মাথায় নিয়ে হ্যাট্রিক করে দলকে রাশিয়ার টিকেট পাইয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

রাশিয়া মিশনে সাম্পাওলির তুরুপের তাসও যে মেসিই সেটা বলার অপেক্ষা রাখে না। দলে যে তাঁর বিকল্পও নেই সেটির প্রমাণ তিনি বাছাইপর্বেই দিয়েছেন।

আর তাই সাম্পাওলির স্কোয়াডে একমাত্র তাঁর জায়গাটাই পাকা। বাকি সবাইকে সামর্থ্যের প্রমাণ দিয়েই দলে জায়গা করে নিতে হবে। কোচ নাকি এমনটাই বলেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়াকে।

ফক্স স্পোর্টস রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া দলে মেসির গুরুত্বের বিষয়টি বিশ্লেষণ করেন।

দলে নিজের জায়গা পাওয়ার বিষয়ে তিনি বলেন, 'সত্য বলতে, আমি দলে এখনও নিজেকে দেখছি না কারণ, সাম্পাওলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, একমাত্র ডর্ফ'র (খাটো মানুষটা/ মেসি) দলে জায়গা পাকা। বাকিদের লড়াই করতে হবে। কেউ যদি চিন্তা করে যে সে দলে আছে তাহলে সে নির্ভার হয়ে পড়বে এবং ভুল করবে।'

মেসির সঙ্গে খেলাটাকে দারুণ উপভোগ করেন বলেও জানান এ পিএসজি তারকার।

'মেসি আমার জন্য বাধা নয়। আমি তার সঙ্গে খেলতে ভালোবাসি, এটা আমাকে আনন্দ দেয়। একজন খেলোয়াড়ের জন্য সেরা বিষয়টি হচ্ছে সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারা।'

বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপেই পড়েছে আর্জেন্টিনা। 'ডি' গ্রুপে তাদের সঙ্গী আইসল্যান্ড, ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া।

গ্রুপ পর্বে আর্জেন্টিনার সূচী:

১৬ জুন ২০১৮, আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড

২১ জুন ২০১৮, আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া

২৬ জুন ২০১৮, আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া