জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ওপেনার তামিম ইকবালের রেকর্ড গড়া সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ফিফটিতে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।
বাংলাদেশের দেয়া ৩২৩ রানের বিশাল টার্গেট অতিক্রম করতে গিয়ে ৪ রান দূরে থেকে ইনিংস শেষ হয়ে যায় সফরকারীদের। অর্থাৎ জিম্বাবুয়ের ইনিংস থামে ৩১৮ রানে। তবে প্রথম ম্যাচে তারা ১৫৯ রানের ব্যবধানে হেরেছিল।
শেষ ৪৮ বলে জিম্বাবুয়ের দরকার ছিল ৯৮ রান, হাতে মাত্র ৩ উইকেট। তখন পর্যন্ত তো হেসেখেলেই জেতার পথে বাংলাদেশ। কিন্তু পরের দিকে হঠাৎ স্বাগতিকদের মনে ঢুকে গেল ভয়। জিম্বাবুয়ের লোয়ার অর্ডারের ডোনাল্ড তিরিপানো আর তিনোতেন্দা মুতুমবজি যে চালিয়ে খেলে ম্যাচ প্রায় ঘুরিয়েই দিচ্ছিলেন!
অষ্টম উইকেটে এই যুগল দশের ওপর রানরেটে খেলে দলকে জয়ের বেশ কাছে নিয়ে আসেন। শেষ দুই ওভারে দরকার ছিল ৩৪ রান। শফিউল ইসলামের করা ৪৯তম ওভারে ২ বাউন্ডারিসহ ১৪ রান তুলে নেন তিরিপানো-মুতুমবজি।
শেষ ওভারে দরকার ছিল ২০ রান, খুবই সম্ভব। আল আমিন হোসেন আসেন শেষ ওভারটি করতে, যিনি আবার ৯ ওভারে কোনো উইকেট না নিয়ে ৭০ রান দিয়ে বসেছিলেন আগে।
শেষ ওভারে শুরুটা ভালোই ছিল আল আমিনের। প্রথম বলে দিয়েছিলেন এক রান, পরের ডেলিভারি ওয়াইড। দ্বিতীয় বলে মুতুমবজিকে (২১ বলে ৩৪) লং অনে লিটন দাসের ক্যাচ বানিয়ে স্বস্তি ফিরিয়েছিলেন আল আমিন।
কিন্তু তৃতীয় বলে বড় এক ছক্কা হাঁকিয়ে দেন তিরিপানো। চতুর্থ বলে আবারও ছক্কা। শেষ দুই বলে দরকার মাত্র ৬ রান। পঞ্চম বলটি বাউন্স দেন আল আমিন। চলে যায় উইকেটের পেছনে। শেষ বলে জিম্বাবুয়ের চাই ছক্কা। স্ট্রাইকে সেট ব্যাটসম্যান তিরিপানো। কিন্তু ওই বলটি আর আকাশে তুলতে পারলেন না তিনি। এক রানেই সন্তুষ্ট থাকতে হলো জিম্বাবুয়েকে।
মঙ্গলবার (০৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে উইকেটে সবচেয়ে সফল তাইজুল ইসলাম। তিনি নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, আল আমিন ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ফল: ৪ রানে জয়ী বাংলাদেশ।
বাংলাদেশ ইনিংস: ৩২২/৮ (৫০ ওভার)
(তামিম ১৫৮, লিটন ৯, শান্ত ৬, মুশফিক ৫৫, মাহমুদউল্লাহ ৪১, মিথুন ৩২*, মিরাজ ৫, মাশরাফি ১, তাইজুল ০, শফিউল ৫*; মুম্বা ২/৬৪, টিশুমা ১/৩৫, তিরিপানো ২/৫৫, মাধিভেরে ১/৩৮, সিকান্দার ০/৫৯, উইলিয়ামস ০/৩৫, মুতোমবোদজি ০/৩৪)।
জিম্বাবুয়ে ইনিংস: ৩১৮/৮ (৫০ ওভার)
(কামুনহুকামউই ৫১, চাকাভা ২, ব্রেন্ডন টেইলর ১১, উইলিয়ামস ১৪, মাধিভেরে ৫২, সিকান্দার ৬৬, মুতুম্বামি ১৯, মুতোমবোদজি ৩৪, তিরিপানো ৫৫*, মুম্বা ০*; মাশরাফি ১/৫২, শফিউল ১/৭৬, মিরাজ ১/২৫, আল-আমিন হোসেন ১/৮৫, তাইজুল ৩/৫২, মাহমুদউল্লাহ ০/২২)।
ম্যাচ সেরা: তামিম ইকবাল (বাংলাদেশ)।
এমবি





