টি-২০ বিশ্বকাপের ফাইনাল ১৪ নভেম্বর। এর চার দিন পরই পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট আর তিন টি-২০ সিরিজ খেলতে মাঠে নামবে টাইগার বাহিনী। বাবর আজমরা আসবেন বিশ্বকাপ ফাইনালের পরদিনই। গত আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি ঘোষণা করেছে। আসন্ন সিরিজে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দিবারাত্রির তিনটি টি-২০ হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে শেরেবাংলা স্টেডিয়ামে ৪ ডিসেম্বর। পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়েই দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবেন মুমিনুল হকরা।

পাকিস্তান সর্বশেষ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসে ২০১৫ সালে। দুই টেস্ট, তিন ওয়ানডে আর এক টি-২০ সিরিজে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। ২০১৬ সালের এশিয়া কাপের পর বাংলাদেশে এটিই হবে পাকিস্তান দলের প্রথম সফর। বাংলাদেশ অবশ্য ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুই দফায় পাকিস্তানে গেছে। লাহোরে টি-২০ সিরিজ খেলে আসার পর আবার রাওয়ালপিন্ডিতে গেছে টেস্ট খেলতে। করাচিতে সিরিজের বাকি অংশ (একটি করে টেস্ট ও ওয়ানডে) হওয়ার কথা ছিল গত বছরেরই এপ্রিলে; কিন্তু কোভিডের কারণে ম্যাচ দু’টি আর হয়নি।

শুধু পাকিস্তান সফর নয়, বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ কাজ করছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন জানান, ‘দক্ষিণ আফ্রিকা বোর্ডের সাথেও ক্রিকেট অপারেশন্স বিভাগ যোগাযোগ করছে। পাকিস্তান সফরের পরপরই আমাদের নিউজিল্যান্ড সফর আছে। খুব ঠাসা সূচি। সেভাবেই ক্রিকেট অপারেশন্স বিভাগ বোর্ডগুলোর সাথে যোগাযোগ করছে।’

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি

তারিখ ম্যাচ ভেনু
১৯ নভেম্বর ১ম টি-২০ মিরপুর শেরেবাংলা
২০ নভেম্বর ২য় টি-২০ মিরপুর শেরেবাংলা
২২ নভেম্বর ৩য় টি-২০ মিরপুর শেরেবাংলা
২৬-৩০ নভেম্বর ১ম টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ
৪-৮ ডিসেম্বর ২য় টেস্ট মিরপুর শেরেবাংলা

এবিএস