বিশ্বকাপের আজকের ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে যাবে ইংল্যান্ড। আর দুই ম্যাচে হেরে প্রতিপক্ষ আফগানিস্তান ইতিমধ্যেই বিশ্বকাপ মিশনে পিছিয়ে পড়েছে।

এই সমীকরণে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বিকালে মুখোমুখি দুই দল। টস জিতে পূর্বের ম্যাচগুলোর মতো বড় সংগ্রহের জন্য ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশরা। আফগান বলে প্রথমদিকে দিশেহারা হলেও শেষ পর্যন্ত ১৪৩ রানের টার্গেট দাঁড় করায় তারা।

টস জিতে বড় সংগ্রহের জন্য ইংলিশরা ব্যাট করতে নামলে আফগানিস্তান তাদের ছেড়ে কথা বলেনি। বড় দলগুলোকে কাঁপিয়ে আসা আফগানরা ১৬ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটিয়ে মাত্র ৫ রানে বিদায় করেন ইংলিশ ওপেনার জেসন রয়কে। আমির হামজার বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।

এরপর আফগান ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নবীর বোলিং চমক দেখার পালা। হ্যাটট্রিকের দারুন এক সুযোগ সৃষ্টি করেন তিনি। পরপর দুই বলে জেমস ভিন্স (২২) এবং ইয়ন মরগ্যানকে (০) ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের পথে পা বাড়ান তিনি। হ্যাটট্রিক ঠেকানোর জন্য ক্রিজে আসেন বেন স্টোকস। বলটাকে ফ্লাইট ডেলিভারিতে ঝুলিয়ে দেন নবী। স্টোকস পরাস্ত হলেন। তবে এলবিডব্লিউর আবেদন নাকচ করে দেন আম্পায়ার। হ্যাটট্রিকটা আর হলো না।

তাতে কী, ৪২ রানের মাথায়ই ৩ উইকেট খুঁইয়ে বসে ইংল্যান্ড। পরবর্তীতে আবারো জ্বলে উঠেন আফগানরা। একই রানে বিদায় নেন জো রুট। দ্রুত রান তুলতে গিয়ে রান আউট হয়ে ব্যক্তিগত ১২ রানেই ফিরে যান তিনি।

এক ওভারে, ৪ বলের ব্যবধানে তিনজন ইংলিশ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন আফগান বোলাররা। এরপর নবম ওভারের প্রথম বলে রশিদ খানের বলে মাটি ঘেসে উড়ে যাওয়া একটি বল ক্ষিপ্র গতিতে তালুবন্দী করেন মোহাম্মদ নবী। সেনওয়ারির বলে ৬ রান করে ফিরে যান বাটলার। ৫০ রানে ইংল্যান্ডের ৫ উইকেটের পতন।

আফগান বোলারদের সামনে রীতিমত অসহায় হয়ে পড়েন শিরোপা প্রত্যাশী ইংলিশরা।

বেন স্টোক্স এবং মঈন আলী দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছিলেন। তবে স্টোক্সকে ব্যক্তিগত ৭ রানের মাথায় বোল্ড করে সাজঘরে ফেরান রশিদ খান। ৫৭ তে ৬ উইকেটের পতন হয় ইংলিশদের।

দলের খারাপ অবস্থায় মঈন আলী ও ক্রিস জর্ডান হাল ধরার চেষ্টা করেন। তবে ব্যক্তিগত ১৫ রানে জর্ডানকে ফেরান রশিদ খান। দলীয় ৮৫ রানে ৭ উইকেট হারায় ইংলিশরা।

তবে মঈন আলী এবং ডেভিড উইলি দলকে খেলায় ফেরায়। এ দুই ব্যাটসম্যানের সাহসী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ইংলিশরা গড়ে ১৪২ রানের স্কোর। মঈন করেন ৩৩ বলে ৪১ ও উইলির সংগ্রহ ১৭ বলে ২০ রান।

আফগানিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন রশিদ খান এবং মোহাম্মদ নবী। সামিউল্লাহ সেনওয়ারি, আমির হামজা নেন একটি করে উইকেট।

ওএফ