নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিততে আর মাত্র দুই উইকেট দূরে আছে পাকিস্তান। বুধবার চতুর্থ দিন শেষে আট উইকেটে ১৭৪ রান সংগ্রহ করা কিউইদের চেয়ে এখনও ৩০৬ রানে এগিয়ে আছে মিজবাহরা।

বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কের রেকর্ডের খাতায় নাম লেখাতে যাচ্ছেন মিজবাহ উল হক। ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদকে টপকিয়ে শীর্ষে উঠার অপেক্ষায় আছেন তিনি।

চতুর্থ দিনে ১৫ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করা পাকিস্তান মাত্র দুই উইকেটে ১৭৫ রান করে ইনিংস ঘোষণা করে। এতে নিউজিল্যান্ডকে ৪৮০ রানের লক্ষ্য বেধে দেয় পাকরা।

জবাবে উদ্বোধনী জুটিতে হাফ-সেঞ্চুরি পার করে দলকে আশার আলো দেখান টম লাথাম ও ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু দলীয় ৫৭ রানে জুলফিকার বাবরের বলে ইয়াসির শাহর হাতে ক্যাচ তুলে দেন লাথাম। এরপর যেন ভাঙ্গন শুরু হয়। দেখতে দেখতে তাদের আট উইকেট শেষ হয়ে যায়।

শেষ পর্যন্ত ক্রেইগ ও ইশ সোধি ম্যাচটি শেষ দিনে নিয়ে যান। প্রত্যেকে ২৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেন।

পাকিস্তানের বোলার রাহাত আলী, ইয়াসির শাহ ও জুলফিকার বাবর দুটি করে উইকেট নেন। বাকি উইকেট দুটি পান ইমরান খান ও মোহাম্মদ হাফিজ।

জেডআই