সোনা জয়ের একদিন পরে গুরুতর চোটে পড়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের মারজান আক্তার প্রিয়া। মঙ্গলবার সাউথ এশিয়ান গেমসে অনূর্ধ্ব-৫৫ কেজি কুমিতে স্বর্ণ জয় করেছিলেন প্রিয়া।

আজ (বুধবার) দলগত ইভেন্টে লড়াইয়ের সময় আঘাত পেয়েছেন এই অ্যাথলেট। ইভেন্ট ভেন্যু সাদদাবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে শ্রীলঙ্কার প্রতিযোগীর সঙ্গে লড়াইয়ের এক পর্যায়ে চোয়ালে আঘাত পান প্রিয়া। সাথে সাথেই চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তাকে স্থানান্তর করা হয় ব্লু-ক্রস হাসপাতালে।

দ্বিতীয় ম্যাটে নামেন প্রিয়া। শুরুতেই শ্রীলঙ্কার বান্দারা তার পেটে আঘাত করেন। তাতে শুরুতেই চিকিৎসা নিতে হয়। এরপর বান্দারা তার মুখে আঘাত করে। ঠোঁট ফেটে রক্ত বেরোয়। তবু আশা ছাড়েননি। লড়াই চালিয়ে যান তিনি। কিন্তু একপর্যায়ে ঠিকই জ্ঞান হারান।

ভেন্যুতে উপস্থিত ডাক্তাররা নানা চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে ব্যর্থ হওয়ায় অ্যাম্বুলেন্সে পাশের হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

এএস