২০১৪ বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ পাওয়া গেছে। সিঙ্গাপুরের একজন জুয়াড়ি দাবি করেছেন, ব্রাজিল বিশ্বকাপের একটি দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে তারা হাত করেছেন এবং সে অনুসারে তারা মাঠে কাজও করেছেন।
বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানির দার স্পাইজেল নামক একটি ম্যাগাজিন। তারা দাবি করেছে, ক্যামেরুনের সাতজন খেলোয়াড় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন। বিষয়টি ম্যাগাজিন কর্তৃপক্ষকে ম্যাচের আগেই জানিয়েছিলেন সিঙ্গাপুরের উইলসন রাজ পেরুমাল নামের এক জুয়াড়ি। দার স্পাইজেলকে তিনি জানিয়েছিলেন, ম্যাচে ক্রোয়েশিয়া ৪-০ গোলে জিতবে এবং ক্যামেরুনের একজন খেলোয়াড় লাল কার্ড পাবে ।
এমন খবর পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত করতে উঠেপড়ে লেগেছে আফ্রিকার দেশগুলোর ফুটবল ফেডারেশনের ইথিকস কমিটি। ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্তে নেমেছে ক্যামেরুন ফুটবল সংস্থাও।
এক বিজ্ঞপ্তিতে ক্যামেরুনের ফুটবল সংস্থা জানায়, ‘বিশ্বকাপে ক্যামেরুনের গ্রুপ পর্বের তিনটি ম্যাচে, বিশেষ করে ক্রোয়েশিয়ার বিপক্ষের ম্যাচে খেলোয়াড়দের বিরুদ্ধে আনীত অভিযোগ ক্যামেরুনের এবং ফিফার আচরণবিধি পরিপন্থি। এমন অভিযোগের বিরুদ্ধে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে তদন্ত করে অল্প সময়ের মধ্যে বিষয়টির সুরাহা করব।’
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে হার মানে ক্যামেরুন। দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৪-০ গোলে ধরাশায়ী হয়। শেষ ম্যাচে ব্রাজিলের কাছে তারা ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। অভিযোগ রয়েছে, ক্রোয়েশিয়ার বিপক্ষের ম্যাচে ক্যামেরুনের সাতজন খেলোয়াড় অস্বাভাবিকভাবে খেলেছেন।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





