পশ্চাতদেশ কেলেঙ্কারির শাস্তি হিসেবে নিষিদ্ধ হয়েছেন চিলির ডিফেন্ডার গঞ্জালো জারা। কোপা আমেরিকার ম্যাচে উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানিকে পেছন দিক থেকে অশোভনভাবে আঙ্গুল দেখিয়ে উত্যক্ত করেন জারা। এর শাস্তি হিসেবে রোববার কোপার দল থকে তাকে ছুঁড়ে ফেলার বিষয়টি নিশ্চিত করেন চিলিয়ান ফুটবল ফেডারেশন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে যে, গত সপ্তাহে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে অশোভন আচরণের অভিযোগে ডিসিপ্লিনারি শুনানি শেষে তিন ম্যাচের জন্য জারাকে নিষিদ্ধ করা হয়েছে। কনমেবলের ডিসিপ্লিনারি কমিটি গঞ্জালো জারার তিন ম্যাচের নিষিদ্ধাদেশ চিলিয়ান ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নিজেদের ওয়েবসাইটে ওই বিজ্ঞপ্তির সঙ্গে নিজেদের বক্তব্য জুড়ে দিয়ে ফেডারেশন জানায়, ‘আমরা এই নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাচ্ছি। তবে একই সাথে সিদ্ধান্তটিকে মেনেও নিয়েছি।’
এই নিষেধাজ্ঞার ফলে জারা কালকের সেমি-ফাইনালে দলের হয়ে খেলতে পারবেন না। শেষ চারের ওই লড়াইয়ে স্বাগতিকদের প্রতিপক্ষ পেরু। সেমি-ফাইনালের বাঁধা টপকে স্বাগতিকরা ফাইনালে খেলার সুযোগ লাভ করলেও নিষেধাজ্ঞার কারণে সেখানে দলে থাকতে পারবেন না জারা।
জেডআই





