বুধবার (১২ নভেম্বর) দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৩৮ রান। বৃহস্পতিবার সকালে অপরাজিত দুই ব্যাটার মাঠে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি। ব‍্যারি ম্যাককার্থির দুর্দান্ত স্পেলে ফিরে যান দুজনই—মুমিনুল ৮২ ও জয় ১৭১ রান করে আউট হন।

আগের দিন প্রথম ইনিংসে ২৮৬ রানে থেমেছিল আয়ারল্যান্ড। বাংলাদেশের ব্যাটাররা লিড নেওয়ার পর তৃতীয় দিনে নতুন বল হাতে নিয়ে পাল্টা আঘাত হানে আইরিশরা। অ্যান্ডি বালবার্নির সিদ্ধান্ত কাজে আসে—নতুন বলে ম্যাককার্থি প্রথমে ফিরিয়ে দেন জয়কে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পথে থাকা এই তরুণ ব্যাটার অফ স্টাম্পের বাইরে থাকা বল স্পর্শ করলে তা উইকেটরক্ষক লরকান টাকারের গ্লাভসে জমা পড়ে।

তাতে ভাঙে জয়-মুমিনুলের ১৭৩ রানের জুটি। জয় ২৮৬ বলে ১৭১ রান করেন ১৪টি চার ও ৪টি ছক্কায়। আর মাত্র ৯ বল পর ফেরেন মুমিনুল। অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরের দিকে ঢোকা এক বলে ব্যাটের কানা লেগে ক্যাচ দেন দ্বিতীয় স্লিপে থাকা বালবার্নির হাতে।

গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন মুমিনুল। এরপর নয় ইনিংসে তিনটি হাফসেঞ্চুরি এলেও তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার। এবারও ১৩২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৮২ রানে থামলেন তিনি।

এই জুটির বিদায়ের পর ৩৪৬ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ লিড নেয় ৬০ রানের। ম্যাচে এখনো শক্ত অবস্থানেই রয়েছে স্বাগতিকরা।

এনএইচ