২০২২ সালের কাতার বিশ্বকাপ ও পরের বছরের এশিয়া কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলে ভারতের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের ম্যাচে বিরতির আগেই এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

খেলার প্রথমার্ধ্বের ৩০তম মিনিটে সুবর্ণ সুযোগ হারায় লাল-সবুজের দল। কাছাকাছি সময়ে দুটো সুযোগ মিস করেন নাবীব নেওয়াজ জীবন।

৩০তম মিনিটে আদিলের ভুলে বল পেয়ে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা বিপলু আহমেদের বাড়ানো ক্রসে নাবীব নেওয়াজ জীবন পা ছোঁয়ানোর আগেই এক ডিফেন্ডার কর্নারের বিনিময়ে ফেরান।

একটু পর সোহেলের ছোট করে বাড়ানো বল ভালো জায়গায় পেলেও তালগোল পাকিয়ে সুযোগ নষ্ট করেন জীবন।

তবে খেলার ৪২ মিনিটে আসা সুযোগ হাতছাড়া করেননি রাইট উইঙ্গার সাদউদ্দিন। জামালের ফ্রি কিকে গুরপ্রিত সিং লাফিয়ে উঠে নাগাল পাননি। দুরের পোস্টে থাকা সাদউদ্দিন দারুণ এক হেডে ১-০ তে এগিয়ে নিয়ে যান বাংলাদেশকে।

বিশ্বের অন্যতম বড় স্টেডিয়াম সল্ট লেকের গ্যালারি স্তব্ধ করে দেন এই তরুণ ফরোয়ার্ড। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না বাংলাদেশ। শেষ ৮৮ মিনিটে আদিলের হেডে খেলা সমতায় নিয়ে যায় ভারত।

ফিফা স্বীকৃত পরিসংখ্যানে ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের ১১তম ড্র। দারুণ সম্ভাবনা জাগিয়ে ১৬ বছর পর শক্তিশালী এই প্রতিপক্ষে বিপক্ষে হারানোর সুযোগ হারালো বাংলাদেশ। ভারতের বিপক্ষে সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে জিতেছিল দল।

বাংলাদেশ একাদশ: আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), রহমত মিয়া (ডিফেন্ডার), ইয়াসিন খান, রিয়াদুল হাসান, রায়হান হাসান, জামাল ভূঁইয়া (মিডফিল্ডার), বিপলু আহমেদ, সোহেল রানা, সাদ উদ্দিন (ফরোয়ার্ড) ও নাবিব নেওয়াজ জীবন।

এমবি