ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইয়ে ব্ড় জয় পেয়েছে লিভারপুল। রোববার হোয়াইট হার্ট লেন স্টেডিয়ামে টটেনহ্যাম হটসপারকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
এই ম্যাচটি লিভারপুলের জন্য ভিন্ন মাত্রা বহন করেছিল। কারণ এদিন ক্লাবের হয়ে অভিষেক হয়েছে আলোচিত ফুটবলার মারিও বালোতেল্লি। এদিকে কোচ ব্রেন্ডন রোজার্সের ক্লাবটির হয়ে শততম ম্যাচ ছিল। বসের শততম ম্যাচ আর বালোতেল্লির অভিষেক জয় দিয়েই উদযাপন করল তারা।
ম্যাচটিতে খেলা শুরুর মাত্র ৮ মিনিটের মধ্যেই লিভারপুলকে এগিয়ে দেন রহীম স্টার্লিং। জোর্দান হেন্ডারসন আলতো পায়ে বল বাড়িয়ে দেন। টটেনহ্যামের রক্ষণভাগের কড়া নজরে থাকলেও সেই বল জালে জড়াতে ভুল করেননি স্টার্লিং।
তবে এর আগে দারুণ সুযোগ মিস করেছিলেন লিভারপুলে নতুন যোগ দেয়া বালোতেল্লি। খেলার তিন মিনিটেই অভিষেক ম্যাচটিকে স্মরণীয় করে রাখার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারেননি এই তারকা।
এখানেই শেষ ছিল না। প্রথমার্ধে আরো দুটি দর্দান্ত সুযোগ পান ইতালিয়ান তারকা। কিন্তু খেলায় শেষ পর্যন্তও নিজের নামের সুবিচার করতে পারেননি তিনি।
বালোতেল্লি গোল করতে না পারলেও দলই ঠিকই বড় জয় পেয়েছে রেডরা। বিরতির আগে ১-০তে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সেটাকে ৩-০তে নিয়ে যায় রজার্সের শিষ্যরা।
বিরতির পর মাত্র তিন মিনেটের মধ্যেই ফাউল থেকে পেনাল্টি পায় লিভারপুল। সেখান থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন অধিনায়ক ড্যানিয়েল স্টারিজ। ৬০ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন আলবার্তো।
এদিকে আট মিনিটের মাথায় প্রথম গোল হজম করলেও পরের মিনিটেই গোলটি শোধ করার সুযোগ পেয়েছিল টটেনহ্যাম। কিন্তু সফলতার মুখ দেখেনি তারা। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও কোনো গোল শোধ করতে পারেনি স্বাগতিক দলটি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
এদিকে গত ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হেরে যাওয়া লিভারপুল জয়ের ধারায় ফিরেছে। লিগের প্রথম ম্যাচেও জয় পেয়েছিল তারা। এই জয়ের ফলে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে আছে। আর সমান ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হোসে মরিনহোর চেলসি। সোয়ানসি সিটির নয় পযেন্ট থাকলেও দ্বিতীয় স্থানে আছে তারা।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





