শরীয়তপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে একটি গোল নিয়ে বিতর্কের জেরে জনতা-পুলিশ সংঘর্ষে এক পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা স্টেডিয়াম মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দর্শক আতাউর রহমান ও জাহিদ জানান, মঙ্গলবার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জেলা ক্রীড়া সংস্থা ও শরীয়তপুর আবদুর রব মুন্সী ক্রীড়া চক্র মুখোমুখি হয়। ম্যাচটি বিকাল ৪টায় জেলা স্টেডিয়াম মাঠে শুরু হয়।

প্রথমার্ধের ১৭ মিনিটের মাথায় বরিশাল ক্রীড়া সংস্থা এক গোলে এগিয়ে যায়। ৩০ মিনিটের সময় আবদুর রব মুন্সি ক্রীড়া চক্র পাল্টা গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে।

কিন্তু রেফারী ফেরদৌস আহম্মেদ আবদুর রব মুন্সি ক্রীড়া চক্রের গোলটি স্থগিত করেন। এ নিয়ে রেফারীর সঙ্গে মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দর্শকরা গ্যালারি থেকে মাঠে নেমে আসলে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠি চার্জ করে। এতে জনতা-পুলিশ সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে পুলিশ কনস্টেবল নাহিদ, দর্শক সুমন, লিয়াকত, পলাশ, কবীর, টুটুলসহ ১৫ জন আহত হন। সংঘর্ষের কারণে ৩০ মিনিটের জন্য খেলা স্থগিত রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় খেলা শুরু হয়ে ম্যাচটি সম্পন্ন হয়।

সহকারী পুলিশ সুপার মীর আবদুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসময় জেলা প্রশাসক রামচন্দ্র দাস ও অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ