বিপিএলের চলতি আসরে নিজেদের ছয় ম্যাচের পাঁচটিতেই হেরে ইতিমধ্যে খাঁদের কিনারায় রয়েছে চিটাগং ভাইকিংস।

সেই বিপর্যয় সামাল দিতে আজ নিজেদের মাঠে সিলেট সুপারস্টারের মুখোমুখি হয়েছে দলটি। এই সিলেটের বিপক্ষেই এবারের আসরে একমাত্র জয়টি পেয়েছে চিটাগং ভাইকিংস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতলেও সিলেটকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান চট্টগ্রামের অধিনায়ক তামিম ইকবাল।

চট্টগ্রামের জন্য এই ম্যাচটি নিজেদের ব্যবধান বাড়ানোর হলেও প্রথম ম্যাচে তাদের বিপক্ষে হারের কারণে সিলেটের জন্য এটি প্রতিশোধের। তবে উমর আকমল-আমির ও বিলওয়াল ভাট্টিদের নিয়ে আজ জয়ের প্রত্যাশায় রয়েছে চিটাগং।

আগে ব্যাটিংয়ের সুযোগ পেলেও শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে সিলেট সুপারস্টারের। স্কোরবোর্ডে মাত্র ২২ রান তুলতেই টপঅর্ডারের ৪জন ব্যাটসম্যানকে হারায় দলটি। দলীয় মাত্র ৪ রানের মাথায় রানআউটের খড়গে কাঁটা পড়েন সিলেটের ওপেনার দিলশান মুনাবেরা।

দলীয় ২১ রানের সময় বিলওয়াল ভাট্টির বলে উমর আকমলের হাতে ধরা পড়েন সিলেটের আরেক ওপেনার নুরুল হাসান। ঠিক একই রানে তাসকিনের বলে চট্টগ্রামের তৃতীয় শিকার হিসেবে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সিলেট অধিনায়ক মুশফিকুর রহিম। এরপর দলীয় স্কোরবোর্ডে আর এক রান যোগ হতেই রানআউট হয়ে মাঠ ছাড়েন রবি বোপারা।

এই প্রতিবেদন লেখাপর্যন্ত সিলেটের সংগ্রহ ৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫২ রান।

এসএইচ