থমাস মুলারের জোড়া গোলে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ইউরো কাপ-২০১৬-এর বাছাই পর্বে ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

২০১৬ ইউরো ফুটবল কাপ ফ্রান্সে অনুষ্ঠিত হবে। এই আসরকে সামনে রেখে রোববার থেকে শুরু হয়েছে বাছাই পর্বের খেলা। বাছাই পর্বে ৫৪টি দেশ অংশ নিলেও মূল পর্বে খেলবে মাত্র ২৪টি দেশ।

রোববার রাতে ডর্টমুন্ডের মাঠে প্রথমার্ধের ১৮ মিনিটে লিড নেয় জার্মানি। গোল করেন থমাস মুলার। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। এরপর ৬৬ মিনিটে স্কটল্যান্ডকে সমতায় ফেরায় ইকেচি অ্যানিয়া।

তবে ব্যবধান বাড়াতে সময় নেয়নি জার্মানরা। ৭০ মিনিটে দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেন থমাস মুলার। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিশ্চিত করে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জোয়াকিম লোয়ের শিষ্যরা।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই