রিয়ালে তরুণ ব্রাজিলিয়ান তারকা আসছেন এই আভাস মিলেছে বেশ আগেই। রিয়ালের হয়ে অভিষেক ম্যাচে প্রথম টাসেই গোল করে সেটার প্রমাণও দিয়েছেন। কিন্তু অপেক্ষা ছিল আরও বড় কিছুর, দুর্দান্ত কিছুর।

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের খেলায় গ্যালাতাসারের বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে তুর্কি ক্লাব গ্যালাতাসারের বিপক্ষে হ্যাটট্রিক করে রিয়ালে বড় তারকার আর্বিভাব হচ্ছে সেই আভাস দিলেন রদ্রিগো। হ্যাটট্রিকের সঙ্গে গড়লেন চ্যাম্পিয়নস লিগের এক রেকর্ডও।

ম্যাচের প্রথম ৬ মিনিটেই প্রতিপক্ষের জালে দুইবার বল জড়ান রদ্রিগো। এরমধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্রুততম জোড়া গোল ও সর্বকনিষ্ট ব্রাজিলিয়ান হিসেবেও গোলের রেকর্ড এখন রদ্রিগোরই।

৩ মিনিটে মার্সেলোর ক্রস নিয়ন্ত্রণে এনে দুর্দান্ত শটে দলকে লিড এনে দেন রদ্রিগো। মিনিট তিনেক পর আবারও মার্সেলোর ক্রসে গোল করেন এই তরুণ। ১২ মিনিটের মাথায় টনি ক্রুসকে ফাউল করে রিয়ালকে পেনাল্টি উপহার দেন স্টিভেন এন’জঞ্জি।

রদ্রিগোর রেকর্ড হ্যাটট্রিকের সুযোগ থাকা সত্ত্বেও পেনাল্টি নিতে এগিয়ে আসেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। রামোসের গোলের পর পুরো ম্যাচই ছিলো রিয়ালের নিয়ন্ত্রণে।

মাঝে করিম বেনজামা দুটি গোল করে ব্যবধান ৫-০ করেন। শেষ মিনিটে গোল দিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো।

এএস