শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৪ রান। হাতে ছিলো ৫ উইকেট। এমন পরিস্থিতিতে পানিয়াঙ্গারার করা নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে জয়সূচক রান করতে শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে আইরিশদের। ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে তারা।
১৮তম ওভারের শেষ বলে বিগ হিটার কেভিন ও’ব্রায়েনকে ফেরালেও ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছে জিম্বাবুয়ে। ইনিংসের ১৯তম ওভার শেষে আইরিশদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৬০ রান। জেতার জন্য ৬ বল থেকে তাদের প্রয়োজন ছিল মাত্র ৪ রান।
এর আগে মাত্র ১০.২ ওভারে দলীয় শতক পূর্ণ করার পরই ফিরে যান অসাধারণ ব্যাট করতে থাকা পল স্টারলিং। মাত্র ৩৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬০ রানের টর্নেডো ইনিংস উপহার দেয়া স্টারলিং পেসার চাতারার বলে সিকান্দার রাজার তালুবন্দী হন। এসময় দলীয় সংগ্রহ ছিল ২ উইকেটে ১০০ রান।
জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করে আয়ারল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। ৮.১ ওভারে ৮০ রান করে দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে নেন এ দুজন। অপ্রতিরোধ্য এ উদ্বোধনী জুটিটি শেষ পর্যন্ত ভাঙ্গতে সক্ষম হন সিন উইলিয়ামস। ইনিংসের ৮.২ ওভারে ২৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান করা আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড মারুমার হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন।
এর আগে অলরাউন্ডার এলটন চিগুম্বুরার ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় জিম্বাবুয়ে। ফলে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচ জিততে হলে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৬৪ রান।
চিগুম্বুরা মাত্র ১৩ বলে দুটি বিশাল ছক্কায় ২২ রান তুলে শেষ পর্যন্ত দলকে এ সংগ্রহে পৌঁছতে সাহায্য করেন। সঙ্গী ছিলেন ৯ বলে ১ ছক্কায় ১৩ রান করা টিমিসেন মারুমা। আয়ারল্যান্ডের পক্ষে জর্জ ডকরেল ৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রানে দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। অ্যান্ডি ম্যাকব্রাইন নেন ২৬ রানে ২ উইকেট।
এর আগে অধিনায়ক ব্রেন্ডন টেলরের দায়িত্বশীল ইনিংসটি দলকে এ সংগ্রহে পৌঁছতে সাহায্য করে। ব্রেন্ডন টেলর ৪৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৯ রান করে তিনি ডকরেলের বলে বিগ শট খেলতে গিয়ে এড জয়েসের তালুবন্দী হন। এ সময় জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৩১ রান। এর আগে ৩৩ রানের চতুর্থ উইকেট জুটিটি বিচ্ছিন্ন করেন জর্জ ডকরেল। এবার তার শিকার হন ১৮ বলে ১৬ রান করা ব্যাটসম্যান ভুসি সিবান্দা। এ সময় জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ ছিল ১৪.৩ ওভারে ৪ উইকেটে ১১১ রান।
এর আগে ১২.১ ওভারে দলীয় শতকের কোঠায় পৌঁছে জিম্বাবুয়ে। তারও আগে মাত্র ৯ বলে একটি করে চার ও ছক্কায় ১৬ রান করা মারমুখী সিন উইলিয়ামসকেও ফিরিয়ে জোড়া উইকেট শিকার করেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ইনিংসের নবম ওভারে দলীয় ৭৮ রানের মাথায় তিনি স্ট্যাম্পড হয়ে সাজঘরে ফেরেন। ইনিংসের সপ্তম ওভারে দ্বিতীয় সাফল্য পায় আয়ারল্যান্ড। এবার অ্যান্ডি ম্যাকব্রাইন সাজঘরে ফেরান জিম্বাবুয়ের তারকা ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজাকে। ১৭ বলে ৩ চারে ২১ রান করে মাসাকাদজা পোর্টারফিল্ডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এ সময় জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ ছিল ৬.২ ওভারে ২ উইকেটে ৫৬ রান।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সোমবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ফলে প্রথম ব্যাট করে জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারেই উদ্বোধনী ব্যাটসম্যান সিকান্দার রাজা আইরিশ বোলার অ্যালেক্স কুসাকের বলে সোরেনসনের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন। এ সময় তার রান ছিল ১০ রান। জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ তখন ছিল ১.৫ ওভারে ১ উইকেটে ১৪ রান।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দুই দলই টুর্নামেন্টের প্রথম ম্যাচকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সুপার টেন পর্বে খেলতে হলে জয় ছাড়া অন্য কোন উপায়ই নেই এই দুই দলের সামনে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ২০ ওভার ১৬৩/৫ (টেলর ৫৯, চিগুম্বুরা অপরাজিত ২২, মাসাকাদজা ২১, উইলিয়ামস ১৬, সিবান্দা ১৬, মারুমা অপরাজিত ১৩, ডকরেল ২/১৮, ম্যাকব্রাইন ২/২৬, কুসাক ১/৫৩)
আয়ারল্যান্ড: ২০ ওভার ১৬৪/৭
[b]ঢাকা. ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]