মাত্র ১৮ মাস দায়িত্ব পালনের পরই বরখাস্ত হলেন আর্সেনাল কোচ উনাই এমারি। স্পানিশ এই কোচ পিএসজির হয়ে ফরাসি লিগ এবং সেভিয়াকে তিনবার ইউরোপা লিগ জেতানোর পরই ২০১৮ সালের মে মাসে আর্সেনালের কোচ হয়েছিলেন। গানারদের ২২ বছর কোচিং করানোর পর সরে দাঁড়ানো আর্সেন ওয়েঙ্গারের স্থলাভিষিক্ত হয়েছিলেন এমারি।
দলের বাজে পারফর্মেন্সের জন্য তাকে বরখাস্ত করেছে ইংলিশ ক্লাবটি। এক বিবৃতিতে ক্লাবের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলের বাজে পারফর্মন্সের জন্য বেশ চাপে ছিলেন এমিরি। গুঞ্জন চলছিল চাকরি হারাতে পারেন তিনি। অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো। সব প্রতিযোগিতা মিলে শেষ সাত ম্যাচে কোনও জয় পায়নি আর্সেনাল।
আর্সেনাল জানিয়েছে, ‘ফলাফল এবং পারফরমেন্স কাঙ্ক্ষিত মানে’ না হওয়ার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গানাররা সাত খেলায় জেতেনি। তার মধ্যে গত বৃহস্পতিবার ইউরোপা লিগে নিজেদের মাঠে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ২-১ গোলে হারে আর্সেনাল।
অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লাবের সাবেক মিডফিল্ডার, ফ্রেডি ইয়ুনবারি। নতুন ভারপ্রাপ্ত কোচের অধীনে আর্সেনাল গতকাল শুক্রবার অনুশীলনও করেছে। ক্লাবটি জানায় নতুন কোচ যে তাদের এগিয়ে নেবে সে ব্যাপারে আস্থাশীল তারা।
এমএম





