ত্রিদেশীয় টি-২০ সিরিজে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। প্রথম ওভারের প্রথম বলেই দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেট নিলেন মোহাম্মদ সাইফউদ্দীন।
পরের ওভারে এসে ঝলক দেখালেন সাকিব আল হাসানও। তারপর আবারও সাউফউদ্দীন। ৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৯ রান।
রোববার (১৫ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে আফগানিস্তান। শুরুতেই তারা পড়েছে চাপে।
ইনিংসের প্রথম ডেলিভারি, আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ বলটা ডিফেন্সই করেছিলেন। কিন্তু মোহাম্মদ সাইফউদ্দীন এমনই আনপ্লেয়বল এক ডেলিভারি দিলেন, ডিফেন্ড করেও উইকেটটা ধরে রাখতে পারলেন না আফগান ওপেনার।
সাইফউদ্দীনের আউটসুইং ডেলিভারিটি উইকেটে লেগে স্ট্যাম্প কয়েক চক্কর ঘুরতে ঘুরতে বাতাসে ভাসতে থাকে। আসলেই চোখ ধাঁধিয়ে দেয়ার মতো এক ডেলিভারি, বিস্ময়ে তাকিয়ে রইলেন সবাই।
শুরুতে উইকেট হারিয়েও অবশ্য থেমে থাকেনি আফগানিস্তান। দ্বিতীয় ওভার চলছিল তখন। সাকিবের চতুর্থ বলটি তুলে মারতে গিয়েছিলেন আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাই। কিন্তু বল অনেক ওপরে ওঠলেও সীমানা দড়ি পর্যন্ত যায়নি, ১ রানেই লিটন দাসের ক্যাচ হন জাজাই।
তৃতীয় ওভারে এসে আরও এক উইকেট তুলে নেন সাইফউদ্দীন। ১৩ বলে ১১ রান করে নাজিব তারাকাই বাউন্ডারিতে হন সাব্বির রহমানের ক্যাচ।
আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, নাজিব তারাকি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, ফরিদ আহমেদ, মুজিব উর রহমান।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এমবি





