নারী এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের আজ (১১ অক্টোবর) খেলা ছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ক্রিকেট মাঠে অভিজ্ঞতা বা স্কিল বিবেচনায় এই ম্যাচে বাংলাদেশের হার প্রায় অসম্ভবই ছিল। খেলার মাঝে ভুলের ছড়াছড়ি করলেও এই ম্যাচে নিশ্চিতভাবেই জিততো টাইগ্রেসরা।

আর জিতলেই এবারের নারী এশিয়া কাপের মঞ্চে শেষ চারে জায়গা নিশ্চিত হয়ে যেত নিগার সুলতানা জ্যোতির দলের। কিন্তু আরব আমিরাতের নারীদের বিপক্ষে জেতার সুযোগটাই পেল না বাংলাদেশ। বৃষ্টি বাধায় সিলেটে এদিন দুই দলের ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্নও বৃষ্টিতে ভেসে যায়।

তবে এই ম্যাচের ফলের চেয়েও বাংলাদেশের নারীদের বেশি পোড়াবে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচটি। ১০ অক্টোবরের সেই ম্যাচটিতেও বৃষ্টি বাধা হয়ে এসেছিল। তবে বাংলাদেশের জন্য নয়। বরং বৃষ্টি শাপেবরই ছিল বাংলাদেশের জন্য, এমনটা বলা যায়। বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪১ রানের। তাও ৭ ওভার অর্থাৎ ৪২ বলে।

হাতে দশ উইকেট নিয়ে ৪২ বলে ৪১ রান করার মতো সহজতর কাজটাই করতে ব্যর্থ হয় জ্যোতি-মুর্শিদা খাতুনরা। বেশি সাবধানী খেলতে গিয়ে ৭ ওভারে মাত্র ৩৭ রান তুলতে পারে টাইগ্রেসরা। এই ৩৭ রান করতে আবার ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশের নারীরা।

ফলে ৩ রানের ছোট ব্যবধানে হেরে আক্ষেপে ভাসতে হয় জ্যোতি-সালমা-মুর্শিদাদের। অথচ লঙ্কানদের বিপক্ষে সেই ম্যাচটি জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। তবুও আরব আমিরাতের নারীদের বিপক্ষে শেষ একটি সুযোগ ছিল টাইগ্রেসদের সামনে।

কিন্তু প্রকৃতিও বাংলাদেশের পক্ষে ছিল না আজ। যার ফলে মাঠে না নেমেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে বৃষ্টির জন্য আরব আমিরাতের বিপক্ষে জিততে না পারার চেয়েও বাংলাদেশের নারীদের জন্য সবচেয়ে বড় আক্ষেপ হয়ে থাকবে ’৪২ বলে ৪১’ রান তুলতে না পারাটাই।

এবিএস