ইংলিশ প্রিমিয়ার লিগে জয় যেন ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সোনার হরিণ। মৌসুমে তিন ম্যাচ খেললেও এখন পর্যন্ত জয়ের দেখা মেলেনি তাদের। শনিবার তৃতীয় ম্যাচেও ড্র করেছে কোচ ভ্যান গলের শিষ্যরা।

গত মৌসুমের ব্যর্থতা ঘুঁচাতে ডাচ কোচ গলকে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব দেয়া হয়েছিল। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ভালোই করেছিল তার দল। হারেনি এক ম্যাচেও। কিন্তু লিগের প্রথম ম্যাচেই হেরেছিল ম্যানইউ।

দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করে। জয়ের স্বপ্ন বিভোর ম্যানইউ তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় নিচের সারির দল বার্নেলের সঙ্গে। কিন্তু সেই ম্যাচেও গোলশূন্য ড্র করল তারা।

শনিবার বার্নেলের মাঠে স্বাগতিক দল হিসেবে খেলতে নামে ম্যানইউ। প্রথম থেকেই মাঠে প্রভাব বিস্তার করেছিল। কিন্তু জোরালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি ওয়েন রুনিরা। কয়েকটি শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

এদিকে মাত্র ৩৬ শতাংশ বল দখলে রাখলেও কয়েক সুযোগ তৈরি করতে পারে বার্নেলে। কিন্তু গোলের দেখা পায়নি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এই ড্রয়ের ফলে তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে মাত্র ১ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে বার্নেলে।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই