কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ বিশ্বকাপ ফুটবলের সময় সূচি বছরের মধ্যভাগের পরিবর্তে শেষ দিকে নিয়ে যাওয়ায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে ইউরোপের শীর্ষ স্থানীয় লীগ কমিটিগুলো। ফরাসি লীগের সভাপতি ফেড্রিক থিরিজ এমনই ইঙ্গিত দিয়েছেন।
শনিবার বার্সেলোনায় অনুষ্ঠিত ইউরোপীয় প্রফেশনাল ফুটবল লীগের (ইপিএফএল) বৈঠকে স্বাভাবিক সময়ে অর্থাৎ বছরের মধ্যভাগ জুন ও জুলাইয়ের পরিবর্তে নভেম্বর ও ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়। বছরের মধ্যভাগে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অতিমাত্রায় উষ্ণতার হাত থেকে রক্ষা পাবার জন্য ফিফা এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে।
থিরিজ বলেন, ‘এ বিষয়ে লীগগুলোর নিজ নিজ আইনি উদ্যোগকে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে ইপিএফএল। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল নভেম্বর ও ডিসেম্বর মাসে আয়োজনে ফিফার সিদ্ধান্ত ইপিএফএলকে হতাশ করেছে। এটি ইউরোপীয় ফুটবলকে আর্থিক এবং স্পোর্টিং উভয় দিক থেকেই ক্ষতিগ্রস্ত করবে। এটি যে প্রক্রিয়ায় গ্রহণ করা হয়েছে সেটির সঙ্গে জড়িতদের প্রশ্নবিদ্ধ করেছে এবং আন্তর্জাতিক ফুটবল পরিচালনায় তাদের সুশাসনের ঘাটতি ফুটে ওঠেছে।’
এদিকে শুক্রবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা করেছে, যেসব ক্লাব ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের জন্য তাদের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দেবে তাদেরকে আর্থিক সহযোগিতা দেয়া হবে।
তবে থিরিজ বলেন, ইপিএফএল সবগুলো ক্লাবের স্বার্থের কথাটাই ভাবছে। সামন্য কয়েকটি লীগের শীর্ষ স্থানীয় কিছু ক্লাব হয়তো এই সুবিধার আওতায় আসবে। সবগুলো ক্লাবকে রক্ষা করার দায়িত্ব ইপিএফএলের। যাদের মধ্যে ওই ক্লাবগুলোও রয়েছে যাদের কাছে ছেড়ে দেয়ার মত কোন জাতীয় ফুটবল তারকা নেই।’
এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগ শনিবার জানিয়েছে যে, ২০২২ বিশ্বকাপ উপলক্ষে স্বাভাবিক সূচির পরিবর্তন ঘটায় তারা খুবই হতাশ।
জেডআই





