দুর্নীতি কেলেঙ্কারিতে নাজেহাল অবস্থায় পড়া ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে সমর্থন দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যুক্তরাষ্ট্রের ও সুইজারল্যান্ডে ফিফার শীর্ষ স্থানীয় কয়েক জন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক তদন্ত শুরু হওয়া এবং সাত জনকে গ্রেফতারের পর এমন সমর্থনের কথা জানাল রাশিয়া।
বৃহস্পতিবার টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় পুতিন বলেন, "এটা স্পষ্ট যে ব্লাটারকে পঞ্চমবারের মতো ফিফার প্রেসিডেন্ট হতে বাধা দেয়ার চেষ্টা হিসেবে এটা করা হয়েছে। একটি আন্তর্জাতিক সংস্থা যে ভাবে কার্যক্রম চালায় এটা সেই নীতির স্পষ্ট লঙ্ঘন।"
সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে যে রাশিয়া ও কাতারে অনুষ্ঠিতব্য ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের নিলামে কোনো অনিয়ম হয়েছে কিনা সে বিষয় তারা তদন্ত শুরু করেছে।
একই সঙ্গে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস ফিফার ৯ জন কর্মকর্তা ও ৫ সহকারী কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছে। এদিকে ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ থেকে ৭ কর্মকর্তাকে গ্রেফতার করেছে সুইস কর্তৃপক্ষ।
ফিফার বিষয় যুক্তরাষ্ট্রের জড়ানোকে অত্যন্ত কঠোরভাবে সমালোচনা করেছেন পুতিন। তিনি বলেছেন, "এটি তাদের (যুক্তরাষ্ট্রের) অন্য দেশে নিজেদের এখতিয়ার বৃদ্ধির আরেকটি অমার্জিত প্রচেষ্টা।"
জেডআই





