টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই দক্ষিণ আফ্রিকার মাঠেই টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। আবার হেরেছে টসেও। শুরুতেই ফিল্ডিং বেছে নেয়া ডেইল স্টেইনদের বোলিং আক্রমণ তো রয়েছেই। এতে শতরানের আগেই চার উইকেট হারায় ক্লার্করা। সব মিলিয়ে শুরুটা ভালো করতে পারেনি তারা। কিন্তু শন মার্শের সঙ্গে স্টিভেন স্মিথের হার না মানা ১৯৯ রানের জুটিতে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে অসিরা।
বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটিতে ব্যাট হাতে ক্রিজে আসেন রোজার্স ও ডেভিড ওয়ার্নার। কিন্তু দলীয় ১৫ রানেই স্টেইনের বলে বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নেন ওয়ার্নার (১২)। দলের রানের খাতায় আর নয় রান যোগ হতেই মরকেলের বলে ডুমিনির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান রোজার্স (৪)।
এরপর ওয়ানডাউনে নামা অ্যালেক্স দুলানকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন শন মার্শ। ম্যাকল্যারেনের বলে পিটাসনের তালুবন্দী হন ২৭ রান করা দুলান। মার্শের সঙ্গে যোগ দেন অধিনায়ক ক্লার্ক। ২৬ রানের জুটিতে ২৩ রান অবদান রাখা ক্লার্কও স্টেইনের শিকারে পরিণত হন।
এরপর প্রতিরোধ গড়ে তোলেন মার্শ ও স্টিভেন স্মিথ। শতরান পূর্ণ করে সেটাকে সার্ধশতকের দিকে নিয়ে যান মার্শ। এদিকে সেঞ্চুরি ঘরে পৌঁছেছেন স্মিথ। ফলে দিন শেষ হওয়ার আগে আর কোনো উইকেট না হারিয়ে ১৯৯ রানের জুটি গড়েন তারা। সেই সঙ্গে দলীয় স্কোর দাঁড়ায় চার উইকেটে ২৯৭ রান।
১২২ রান নিয়ে মার্শ ও ৯১ রান নিয়ে স্মিথ দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।