বাংলাদেশ সফরেই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করতেন স্টিভেন স্মিথ। বাংলাদেশ সফরের জন্য তাই উদগ্রীবই ছিলেন অসি অধিনায়ক।

কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা- ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজটি স্থগিত হওয়ায় বাংলাদেশিদের মতো অসি অধিনায়কও তাই হতাশা প্রকাশ করেছেন। অবশ্য বাস্তবতাটাও মেনে নিয়েছেন তিনি।

শুক্রবার সকালে সাংবাদিকদের স্মিথ বলেন, ‘অবশ্যই ক্রিকেটারদের নিরাপত্তাই সবচেয়ে বড় উদ্বেগের ব্যাপার। গত এক সপ্তাহ ধরে ডিএফএটি এবং এএসআইওর সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার পর ক্রিকেট অস্ট্রেলিয়া উপসংহারে পৌঁছায়, এই মুহূর্তে সফরটি আমাদের জন্য যথেষ্ট নিরাপদ নয়।’

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রতি সমবেদনা জানিয়ে স্মিথ বলেন, ‘আমি সত্যিই তাদের জন্য ব্যথিত। তারা সবাই বাংলাদেশে আমাদের খেলা দেখতে মুখিয়ে ছিল। আশা করছি খুব শিগগিরই আমরা সেখানে গিয়ে খেলতে পারব।’

সফর স্থগিত হওয়ার একটি ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন স্মিথ। আগামী নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অসিরা। স্মিথ মনে করছেন, বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় এখন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘরের কন্ডিশনে ক্রিকেটাররা প্রস্তুতি নিতে পারবেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল ২৮ সেপ্টেম্বর। কিন্তু সফরের মাত্র দুই দিন আগে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক অধিদপ্তর (ডিএফএটি) সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় অস্ট্রেলীয় নাগরিকদের জন্য বাংলাদেশকে ‘অনিরাপদ’হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রকাশ করে। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নিরাপত্তাপ্রধান শন ক্যারলের নেতৃত্বে তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধিদলকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠায়।

অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধিদল দুই দিনের ঢাকা সফরে বিসিবি সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, র‌্যাবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রত্যেকের তরফ থেকেই অস্ট্রেলিয়া দলকে সর্বোচ্চ নিরাপত্তারই আশ্বাস দেওয়া হয়। তারপরও গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আপাতত না আসার সিদ্ধান্ত জানিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

এমআর