বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৩৯তম জন্মদিন আজ (০৫ অক্টোবর) মঙ্গলবার। ১৯৮৩ সালের এই দিনে নড়াইল শহরের মহিষখোলায় জন্ম সাবেক অধিনায়কের।
গোলাম মুর্তজা স্বপন ও হামিদা বেগম বলাকার বড় ছেলে বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে আন্তর্জাতিক আঙিনায় নিজের সঙ্গে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তাই দেশের সবচেয়ে সফল অধিনায়কের জন্মদিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে শুরু করে সতীর্থ ও ক্রিকেটপ্রেমী ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মাশরাফির উইকেট উদযাপনের একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যান দিয়ে লিখেছে, “তিনি সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশকে ১১৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, তার দেশের হয়ে যা সর্বোচ্চ। মাশরাফি মুর্তজাকে জন্মদিনের শুভেচ্ছা।”
বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজেও মাশরাফিকে নিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
মাশরাফির ক্রিকেট ক্যারিয়ারের পরিসংখ্যান দিয়ে সেখানে লেখা, “৩১০ আন্তর্জাতিক ম্যাচ, ৩৯০ উইকেট, একজন লিজেন্ড। ওয়ানডেতে তিনি বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ (২৬৯) উইকেট নিয়েছেন। অধিনায়ক হিসেবে ১০০ ওয়ানডে উইকেট নেওয়া পঞ্চম বোলার তিনি। শুভ জন্মদিন আমাদের প্রিয় মাশরাফি বিন মুর্তাজাকে।”
এমবি





