ক্যাম্প ন্যুতে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে পারল না রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের সামনে বাধা হয়ে দাঁড়াল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে রোববার রাতে এল ক্লাসিকোর লড়াইয়ে ৪-৩ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।
এই ম্যাচে হেরে গেলে লিগ শিরোপা জয়ের দৌড়ে বেশ পিছিয়ে পড়ত বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সেই ভয়ের সঙ্গে যোগ হয়েছিল অতিথি দল হিসেবে খেলতে নামা। তাও চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে। তাই বেশ সাবধানই ছিল কোচ জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। এতে শুরুতেই এগিয়ে যায় তারা। খেলার ৭ মিনিটে দলকে লিড এনে দেন ইনিয়েস্তা।
বার্সার এগিয়ে যাওয়ার আনন্দ মাটি করে দেন করিম বেনজেমা। ২০ ও ২৪ মিনিটে জোড়া গোল করে রিয়ালকে এগিয়ে দেন তিনি। এভাবেই বিরতিতে যাওয়ার স্বপ্ন দেখে স্বাগতকিরা। কিন্তু ৪২ মিনিটে মেসির গোলে সমতায় ফেরে বার্সা।
দ্বিধীতায়ার্ধে ফের লিড নেয় মাদ্রিদের ক্লাবটি। এবার দলকে গোল এনে দেন ফিফা ব্যালন ডি'অর জয়ী তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৫৫ মিনিটে পেনাল্টি কিক থেকে গোল করেন তিনি।
জয়ের আশায় উদগ্রীব থাকা রিয়ালের ভাগ্যটা যেন এদিন খারাপই ছিল। ৬৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নেন সার্জিও রামোস। সেই সঙ্গে পেনাল্টি পেয়ে যায় বার্সা। এখানেই শেষ হয়নি পেনাল্টি খেলা। ৮৪ মিনিটে ইনিয়েস্তাকে ফেলে দেয়ায় ফের একই সুযোগ পায় কাতালানরা। দুটি সুযোগকেই ভালভাবে কাজে লাগিয়ে দলের জয় নিশ্চিত করেন মেসি।
এই জয়ের পরও ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষ ও দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।