অস্ট্রেলিয়ান ওপেনে আরও একধাপ এগোলেন রজার ফেদেরার। আসরের সেমিফাইনালে উঠে গেছেন তিনি।

কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বংশোদ্ভূত মার্কিন টেনিস তারকা তেনিস স্যান্দগ্রিনকে হারিয়েছেন সুইস কিংবদন্তি।

শেষ চারে পা রাখতে অবশ্য বেগ পেতে হয়েছে ফেদেরারকে। প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বেশ লড়াই করে ম্যাচ জিততে হয়েছে তাকে। ৫ সেটের লড়াইয়ে অবশেষে জয় পান তিনি। স্যান্দগ্রিনকে ৬-৩, ২-৬, ২-৬, ৭-৬ ও ৬-৩ ব্যবধানে হারিয়েছেন ৩৮ বছর বয়সী টেনিস রাজা।

এদিন একসময় ভক্তদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিলেন ফেডেক্স। দ্বিতীয় ও তৃতীয় সেটে পর পর হেরে বসেন তিনি। প্রথম সেটের লড়াইয়ে ৬-৩ ব্যবধানে জেতেন বিশ্বের তিন নম্বর পুরুষ টেনিস খেলোয়াড়।

তবে দ্বিতীয় সেটে ধরাশায়ী হন ফেদেরার। ২-৬ ব্যবধানে এ সেট হারেন তিনি। তৃতীয় সেটও স্যান্দগ্রিনের কাছে একই ব্যবধানে হেরে বসেন টেনিস কিংবদন্তি।

অনেকে ধরে নিয়েছিলেন, ফেদেরারের ক্যারিয়ারে সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হচ্ছে। ঠিক সেই সময় ঘুরে দাঁড়ান তিনি। শ্বাসরুদ্ধকর চতুর্থ সেট জিতে নেন অভিজ্ঞ তারকা। স্যান্দগ্রিনের সঙ্গে তার হাড্ডহাড্ডি লড়াই শেষ হয় ৭-৬ ব্যবধানে।

কিন্তু শেষ সেটে প্রতিপক্ষকে পাত্তা দেননি ফেদেরার। ৬-৩ ব্যবধানে দাপুটে জয় তুলে নেন তিনি। সেই সঙ্গে ঘাম ঝরিয়ে কোয়ার্টার ফাইনালের গণ্ডি অতিক্রম করেন।

টুর্নামেন্টের সেমিফাইনালে মিলোস রাওনিক বনাম নোভাক জকোভিচের মধ্যে বিজয়ীর বিপক্ষে খেলবেন ফেডেক্স। আর মাত্র দুটি ম্যাচ জিততে পারলেই ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ডস্ল্যাম জয় করবেন তিনি। এখন সেই মুকুট পরতে পারেন কিনা-তাই দেখার। তথ্যসূত্র: ইয়াহু স্পোর্টস।


এএস