তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ধবল ধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার শেষ ম্যাচে সাত উইকেটে জয় তুলে নিয়েছে তারা।
এদিন টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে অধিনায়ক চিগুম্বুরা ৯০ রান করলেও বাকিরা তার সঙ্গে তাল মিলাতে পারেননি। ফলে মাত্র ৩৯.৫ ওভারে ১৬৫ রানে ইনিংস গুটিয়ে যায় স্বাগতিকদের। চিগুম্বুরা ছাড়া সিকান্দার রাজার ৩০ রান ও উইলিয়ামসের ১৭ রানই দুই অঙ্কের ঘরের স্কোর।
জবাবে ২৭.২ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর ৮৪ রান করেন ওপেনার ডি কক। তবে উদ্বোধনী জুটির আরেক ক্রিকেটার রুশৌ রানের খাতা খোলার আগে রান আউট হন।
তবে ডি ককের সঙ্গে মাঠে থেকে ৪০ রান করে আউট হন ডুপ্লেসিস। শেষ পর্যন্ত ডুমিনি ২৮ ও মিলার ১৩ রান নিয়ে অপরাজিত থাকেন।
ঢাকা,২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





