প্রেমিকা নাজনীন আক্তার হ্যাপীর করা ধর্ষণ মামলায় ৪ সপ্তাহের আগাম জামিন পেয়ে ঘোষণা দিয়েছিলেন দু-একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানাবেন রুবেল হোসেন।

এক সপ্তাহ পেরিয়ে গেলেও রুবেল মুখ খোলেননি। সবকিছু থেকে আড়াল করে নিয়েছিলেন নিজেকে।

অবশেষে দেখা মিলেছে রুবেলের। রোববার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে অনুশীলন করেছেন তিনি।

তার জীবনে হঠাৎ ঘটে যাওয়া নারী কেলেঙ্কারির ঘটনার বিষয়ে রুবেলের মুখ থেকে কিছু জানার জন্য তখন বাইরে অপেক্ষমান সাংবাদিকরা। প্রায় ২ ঘণ্টার অনুশীলন শেষে বাইরে বেরিয়ে এসেই চলে যেতে চাচ্ছিলেন।

কিন্তু সাংবাদিকদের অনেক অনুরোধে শেষ পর্যন্ত কথা বলতে রাজি হলেও দিলেন ‘শর্ত’। বললেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে কেউ কোন প্রশ্ন করতে পারবেন না। এ বিষয়ে কোন কথাও বলতে পারবো না আমি।

এ বিষয়ে যা বলার তা বলবেন আমার আইনজীবী।’ তারপরও সংবাদ মাধ্যমে হ্যাপীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে দু’-একটি প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।

রুবেলের দেওয়া শর্তমতেই সাংবাদিকরা তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। রুবেল বলেন, ‘আমার লক্ষ্য বিশ্বকাপ খেলা।

প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। আমারও তেমনি। সুযোগ পেলে দেশের জন্য ভালো কিছু করে দেখাতে চাই।’

এসএইচ