শনিবার থেকে শুরু হয়ে গেছে বিপিএলের ধামাকা। উদ্বোধনী দিন মাঠে নেমেছিল রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস, ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। তবে জয় নিয়ে মাঠ ছেড়েছে চিটাগং ও ঢাকা। রোববার দ্বিতীয় দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।

বিপিএলের চলতি আসরে দুই দলেই আছেন হেভিওয়েট দুই তারকা। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে কুমিল্লা। আর স্মিথেরই ডেপুটি ডেভিড ওয়ার্নাকে অধিনায়ক করেছে সিলেট। কুমিল্লার নেতৃত্বে থাকবেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

স্মিথ ও ওয়ার্নার এবার প্রথম অংশ নিচ্ছেন বিপিএলে। অবশ্য তার জন্য মার্চের বল ট্যাম্পারিং কেলেঙ্কারিকে ধন্যবাদ দিতেই পারেন বাংলাদেশের সমর্থকরা! ওই কেলেঙ্কারিতে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসন-দণ্ড কাটাচ্ছেন এই দুই অস্ট্রেলিয়ান। আগামী মার্চে শেষ হবে নির্বাসনের মেয়াদ। এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে আছে ভারত। নিষিদ্ধ না থাকলে জাতীয় দলের নেতৃত্বে থাকতেন স্মিথ, আর ডেপুটি ওয়ার্নারও বিরাট কোহলিদের বিপক্ষে লড়াইয়ে অবতীর্ণ হতেন। ফলে বিপিএলে খেলা হতো না তাদের।

এবারের আসরে বেশ ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে দুই দলই। তামিম ইকবালের নেতৃত্বে কুমিল্লার হয়ে খেলবেন ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনির মতো জাতীয় দলের তারকারা। আর বিদেশি কোটায় স্মিথের পাশাপাশি আছেন শোয়েব মালিক, লিয়াম ডসন, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইসের মতো তারকারা।

এদিকে সিলেটের ঝুলিতে আছেন সাব্বির রহমান, লিটন দাস, তাসকিন আহমেদদের মতো জাতীয় দলের তারকারা। আছেন অলক কাপালীর মতো অভিজ্ঞ ক্রিকেটারও। আর বিদেশি কোটায় সোহেল তানভির, ইমরান তাহির, নিকোলাস পুরান ও সন্দীপ লামিচানে আছেন বিপিএল মাতাতে।