লাল কার্ডসহ অসদাচরণের দায়ে লা লিগায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে ভিয়ারিয়ালের বিপক্ষে ব্যালন ডি'অর জয়ী ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে মাদ্রিদের ক্লাবটিকে। তবুও রোববার রাতে ৪-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা।
রোনালদো দলে না থাকলেও এই ম্যাচে ইনজুরি থেকে ফিরে এসেছেন গ্যারেথ বেল। তার গোলেই খেলার মাত্র সাত মিনিটে নিজেদের মাঠ স্যান্টিয়াগো বার্নব্যুতে লিড নেয় রিয়াল। ২৫ মিনিটেই দলের লিডকে ডাবলে নিয়ে যান করিম বেনজেমা।
তবে একাবারে ছেড়ে দেয়নি প্রতিপক্ষ ভিয়া রিয়াল। বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে একটি গোল শোধ করে দেয় সফরকারীরা। দলের হয়ে এই গোলটি করেছেন মারিও গাসপার।
বিরতির পর আরো দুই গোল করে মাদ্রিদের ক্লাবটি। ৬৪ মিনিটে জেসি রদ্রিগেজের গোলের পর ৭৬ মিনিটে জোড়া নিজের জোড়া গোল পূর্ণ করেন করিম বেনজেমা। তবে ৬৯ মিনিটে ভিয়ারিয়ালের হয়ে আরো একটি গোল শোধ করে দেন জিওভানি দস সান্তোস।
রাতের অন্য ম্যাচে আলমেরিয়ার কাছে ২-০ গোলে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে বার্সেলোনা। একই পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।